পান রপ্তানি বাণিজ্য সহজীকরণ এবং রপ্তানি প্রক্রিয়ায় বিদ্যমান বাধা দূর করতে সরকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক স্মারকে জানানো হয়, প্রতি কনসাইনমেন্টের বিপরীতে বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির প্রত্যয়ন বাধ্যতামূলক থাকার পূর্বের নির্দেশনা বাতিল করা হয়েছে।
এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও বাণিজ্য সংগঠনের মহাপরিচালক মোহাম্মদ মোস্তফা জামাল হায়দার বলেন, পান রপ্তানি বাণিজ্যকে সহজ করা, রপ্তানি প্রক্রিয়ার বাধা দূর করা এবং নির্বিঘ্নভাবে পান রপ্তানি কার্যক্রমকে উৎসাহিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের ফলে পান রপ্তানি কার্যক্রম আরও নির্বিঘ্ন ও সহজ হবে।
প্রসঙ্গত, গত ৮ এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য শাখা-২ থেকে একটি সার্কুলার জারি করা হয়। সার্কুলারে উল্লেখ করা হয়, পান রপ্তানি উৎসাহিত করার লক্ষ্যে ২০০৩ সালের ৬ মে জারিকৃত এমসি/অবা-৬/এ-১২/২০০২/১৯০ নম্বর স্মারকের আওতায় প্রণীত ০১ নম্বর অফিস আদেশটি নির্দেশক্রমে বাতিল করা হয়েছে।
এদিকে, বাণিজ্য মন্ত্রণালয়ের এ সার্কুলারের ভিত্তিতে পান রপ্তানি প্রক্রিয়া সহজ করতে বৃহস্পতিবার নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট-১ থেকে জারি করা সার্কুলারে বলা হয়েছে, পান রপ্তানির ক্ষেত্রে পূর্বে বিদ্যমান কিছু শর্ত সংশোধন করা হয়েছে। সার্কুলারটি দেশের সকল অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল অফিসে পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় উল্লেখ করা হয়, প্রতি কনসাইনমেন্টের বিপরীতে বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির প্রত্যয়ন ছাড়া পান রপ্তানি সংক্রান্ত বাণিজ্য মন্ত্রণালয়ের গত ৮ এপ্রিলের স্মারকটি সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এতে আরও বলা হয়, পান রপ্তানি বাণিজ্য সহজীকরণ, রপ্তানি প্রক্রিয়ার বাধা দূরীকরণ এবং নির্বিঘ্ন রপ্তানি নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


