লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলী হোসেন (৪১) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

বুধবার (৮ এপ্রিল) ভোরে সীমান্তের ৮৭৪ নম্বর মেইন পিলারের কাছে ভারতের অভ্যন্তরে ঘটনাটি ঘটে।
নিহত আলী হোসেন উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ধবলগুড়ি (পূর্ব পানিয়ারটারী) এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার ভোরের দিকে ৭-৮ জন ব্যক্তি কাঁটাতারের বেড়া কাটার জন্য ভারতীয় সীমান্তে প্রবেশ করেন। বিএসএফ সদস্যরা বাধা দিলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে বিএসএফ গুলি চালালে আলী হোসেন গুলিবিদ্ধ হন। পরে বিএসএফ তাকে উদ্ধার করে ভারতের মাথাভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
৬১ তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলির শব্দের প্রেক্ষিতে সকালে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়। তারা জানিয়েছে, ধস্তাধস্তির একপর্যায়ে আত্মরক্ষার্থে তারা গুলি চালাতে বাধ্য হয়েছে। নিহতের মরদেহ বর্তমানে ভারতীয় পুলিশের হেফাজতে রয়েছে। মরদেহটি ফেরত আনার জন্য বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এর আগে, গত সোমবার একই সীমান্তে ঘাস কাটতে গিয়ে বিএসএফের গুলিতে মো. মিজানুর রহমান নামে এক যুবক আহত হন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


