লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তিন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করলে তা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৯ জুন) রাত দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কালিরহাট সীমান্তে ৮৫৭ নম্বর মেইন পিলারের ১৩ নম্বর সাব-পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে ভারতের কুচবিহার জেলার মাথাভাঙ্গা থানার মিলরাপা গ্রামসংলগ্ন সীমান্ত দিয়ে ১৫৬ বিএসএফ সদস্য তিন ভারতীয় নাগরিককে কাঁটাতারের কাছে নিয়ে আসে। পরে রাতের আঁধারে তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তবে বিজিবির টহল দল সেখানে সক্রিয় অবস্থানে থাকায় বিএসএফ তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি।
এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে বিএসএফ পুশইন কার্যক্রম বন্ধ করে ওই তিন নাগরিককে আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়। পরবর্তীতে শুক্রবার সকাল পর্যন্ত তারা সীমান্তের জিরো পয়েন্টে অবস্থান করলেও শেষ পর্যন্ত ফিরে যেতে বাধ্য হয়।
ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, বিজিবির কঠোর অবস্থানের কারণে বিএসএফের পুশইনের চেষ্টা সফল হয়নি এবং তিন ভারতীয় নাগরিককে শেষ পর্যন্ত ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



