যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার নিহত শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের জানাজা ও দাফন অনুষ্ঠিত হবে আজ মাগরিবের পর তার গ্রামের বাড়ি মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের লালডোবা গ্রামের। ইতোমধ্যে নিহতের লাশ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার বাড়িতে পৌঁছেছে। বিষয়টি নিশ্চিত করেছেন লিমনের চাচা সুজন আহমেদ।

তিনি জানান, আজ সোমবার (৪ মে) সকাল ৮টা ৪০ এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার লাশ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। লাশ গ্রহণের জন্য তার বাবা মা আত্মীয়রা বিমান বন্দরে গেছে। পরে লিমনের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে মাগরিবের পর জানাজা শেষে দাফন করা হবে।
নিহত লিমনের চাচা সুজন আহমেদ আরো জানান, নিজ বাড়িতে জানাজা ও দাফন হবে তাই সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জানাজা শেষে তাদের পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
এদিকে তার বিদায় বেলায় আত্মীয় স্বজনরা বাড়িতে আসতে শুরু করেছে, অনেকে তার জানাজায় অংশ নিতে ঢাকাসহ অন্যান্য জায়গা থেকে বাড়িতে এসেছে। ইতোমধ্যে অনেক উৎসুক লোকজন বাড়িতে ভীড় করছে। তবে তাদের পারিবারিক লোকজন এলাকাবাসীসহ বহু মানুষ লিমনের জানাজায় অংশ নিবেন বলে আশা করছেন।
গ্রামবাসী সাথে আলাপ করে জানা যায়, লিমনের বাবা জহুরুল হক ১৯৯৪ সালে পরিবার নিয়ে ঢাকায় চলে যান। এরপর থেকে তারা ঢাকাতেই থাকেন সেখানে একটি টেক্সটাইল কারখানায় চাকুরী করেন। মাঝে মাঝে তারা গ্রামের বাড়ি আসেন।
মেধাবী শিক্ষার্থী লিমন ২০১৪ সালে গাজীপুরের মাওনা মডেল হাইস্কুল থেকে এসএসসি ও ২০১৬ সালে বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে এইচএসসি পাস করেন।
এরপর খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করেন। ২০২৪ সালে জুলাই মাসের দিকে পিএইচডি করার জন্য যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভর্তি হন।
উল্লেখ, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডাতে পিএইচডি অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭) নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তিনি ঐ বিশ্ববিদ্যালয়ে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতিমালা বিষয়ে পিএইচডি করছিলেন। গত ২৪ এপ্রিল আমেরিকার ফ্লোরিডার ট্যাম্পা এলাকার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু এলাকা থেকে লিমনের দেহের অবশিষ্টাংশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে লিমনের সাবেক রুমমেট হিশাম আবুগারবিয়েহকে (২৬) গ্রেপ্তার করেছে হিলসবোরো কাউন্টি শেরিফ কার্যালয়। হিশাম আবুগারবিয়েহ যুক্তরাষ্ট্রের নাগরিক। লিমনের লাশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে বেলা পনে চারটায় তার নিজ বাড়িতে এসে পৌছায়। বাদ মাগরিব দাফন সম্পন্ন হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


