রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে ডুবে যাওয়া এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসটির ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন এবং রুট পারমিটের মেয়াদ আগেই শেষ হয়ে গিয়েছিল বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বুধবার দুপুরে বিআরটিএর রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক মুহাম্মদ অহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
বিআরটিএ সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রো-১৫-৫৬৪৯ নম্বরের বাসটি গত ৫ জুন দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায়। দুর্ঘটনায় বাসচালক ও তার সহকারী আহত হন।
ঘটনার পর বিআরটিএর মোটরযান পরিদর্শক লিটন কুমার দত্ত ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে সংস্থাটির তথ্যভাণ্ডার যাচাই করে দেখা যায়, বাসটির ট্যাক্স টোকেন, ফিটনেস সনদ ও রুট পারমিট—সবগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে। এ ঘটনার পর বাসটির নিবন্ধন এবং চালকের প্রশিক্ষণ-সংক্রান্ত অনুমোদন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
এদিকে বাসডুবির ঘটনায় জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির প্রধান ও রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে জানান, তদন্ত প্রতিবেদনে বিভিন্ন অনিয়ম ও নিরাপত্তা-সংক্রান্ত ত্রুটি উঠে এসেছে।
প্রতিবেদনে ঘাট এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন, পন্টুন ব্যবস্থাপনার ত্রুটি সংশোধন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি বাসটির রুট পারমিট সংক্রান্ত বিষয়ও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আল মামুন বলেন, বিভিন্ন তদবির ও প্রভাবের কারণে অনেক সময় স্থানীয় পর্যায়ে যানবাহনের ফিটনেস সনদ ও রুট পারমিট যথাযথভাবে যাচাই করা হয় না। নিয়মিত তদারকি নিশ্চিত করা গেলে এ ধরনের অনিয়ম অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



