জাতিসংঘের তত্ত্বাবধানে শহিদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত এবং সংশ্লিষ্টদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাত্রা করছিলেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। পথে পুলিশের বাধার কারণে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মারসহ বহু আন্দোলনকারী আহত হন।

সংঘর্ষ

Advertisement

ঘটনার পর প্রতিক্রিয়া জানিয়ে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে বলেন, শহিদ ওসমান হাদির হত্যাকারীদের সুষ্ঠু বিচারের দাবিতে চলমান আন্দোলনের সময় ইনকিলাব মঞ্চের নেতা আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। একই সঙ্গে সংগঠনটির আরও কয়েকজন নেতাকর্মীসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

আহতদের মধ্যে রয়েছেন ফাতেমা তাসনিম জুমা (মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক, ডাকসু), শান্তা আক্তার (সদস্য, জকসু) এবং সালাউদ্দিন আম্মার (জিএস, রাকসু)।

সাদিক কায়েম বলেন, “শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারে সরকার কেবল ব্যর্থ হয়নি, বরং বিচার দাবিতে আন্দোলনরতদের ওপর গুলিবর্ষণ ও হামলাও চালানো হয়েছে।” তিনি আরও বলেন, ফ্যাসিবাদী কায়দায় এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। ইন্টেরিম সরকারকে জবাব দিতে হবে—কার নির্দেশে বা কার মদদে এই হামলা হয়েছে? হত্যার বিচারের দাবিকে এত ভয় কেন? কে বা কারা ন্যায্য বিচারকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে?

এদিকে শুক্রবার দুপুরে টানা দ্বিতীয় দিনের মতো হোটেল ইন্টারকন্টিনেন্টাল প্রাঙ্গণে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। বিকেল প্রায় ৪টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে তাদের সরিয়ে দেয়।

ইনকিলাব মঞ্চের ফেসবুক পোস্টে বলা হয়েছে, সংগঠনটির সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। অন্য একটি পোস্টে দাবি করা হয়েছে, ডাকসু নেত্রী ফাতেমা তাসনিম জুমাকে বুট দিয়ে আঘাত করা হয়েছে।

সংগঠনটি জানায়, হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে নেওয়া না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। একইসঙ্গে শুক্রবারই জাতিসংঘে এ বিষয়ে চিঠি পাঠানোর দাবি জানান আন্দোলনকারীরা।

এর আগে বৃহস্পতিবার বিকেল থেকে রাতভর একই স্থানে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এতে অংশ নেন ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা, ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতেমা তাসনিম জুমা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.