পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতিপ্রাপ্ত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। একই প্রজ্ঞাপনে পুলিশের বিভিন্ন শাখা ও ইউনিটে কর্মরত আরও ২০ জন কর্মকর্তার দায়িত্বেও পরিবর্তন আনা হয়েছে।
এর আগে গত ১৭ মে তৎকালীন সিআইডি প্রধান মোসলেহ উদ্দিন আহমদকে ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকে বিভাগটির কার্যক্রম ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছিল।
ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের একজন কর্মকর্তা। ফেনী সদর উপজেলায় জন্মগ্রহণ করা এই কর্মকর্তা দীর্ঘ কর্মজীবনে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
সর্বশেষ তিনি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রশাসনিক ও গোয়েন্দা কার্যক্রমে দীর্ঘ অভিজ্ঞতার কারণে তাকে সিআইডির সর্বোচ্চ দায়িত্বে আনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



