প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় আর্থিক সুবিধা বাড়ানো এবং সুবিধাভোগী শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি জানান, বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার বিষয়টি সরকার বিবেচনা করছে, যেখানে বৃত্তির অর্থের পরিমাণ ও কতজন শিক্ষার্থী এই সুবিধা পাবে—তা নতুন করে পর্যালোচনা করা হবে।

বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ বিরতির পর আবার বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সরকারের লক্ষ্য হলো বৃত্তির মতো কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনায় আরও আগ্রহী করে তোলা এবং এ উদ্যোগকে ভবিষ্যতে আরও বড় পরিসরে সম্প্রসারণ করা।
তিনি আরও জানান, সরকারি ও বেসরকারি শিক্ষার্থীদের জন্য নতুন মানদণ্ড নির্ধারণের বিষয়েও আলোচনা চলছে, যাতে শিক্ষার্থীরা আরও উৎসাহিত হয়। পাশাপাশি বৃত্তি পরীক্ষায় উপস্থিতি বাড়াতে ভবিষ্যতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
ববি হাজ্জাজ বলেন, অভিভাবকদের কিছু চাহিদা রয়েছে, যা সরকার পর্যায়ক্রমে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করবে। সরকারের লক্ষ্য দেশের শিক্ষার হার ৯৬ শতাংশে উন্নীত করা, আর এজন্য প্রাথমিক ও অনানুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে।
পরিদর্শনকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


