রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমজাদের মোড় এলাকার আয়েশা টাওয়ার ছাত্রাবাস থেকে মো. মাহফুজুর রহমান নামের ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মাহফুজুর রহমান রাবির ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায়।
প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঘটনার সময় তিনি ভিডিও কলে প্রেমিকার সঙ্গে কথা বলছিলেন। একপর্যায়ে তিনি আত্মহত্যার চেষ্টা করলে বিষয়টি বুঝতে পেরে তার প্রেমিকা দ্রুত ছাত্রাবাসের ম্যানেজারকে জানায়। পরে ম্যানেজার ও পাশের কক্ষের কয়েকজন শিক্ষার্থী দরজা ভেঙে রুমে প্রবেশ করে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ারুল কবির ভুঁইয়া বলেন, ঘটনাটি শুনে শিক্ষকরা দ্রুত সেখানে যান। এমন মেধাবী শিক্ষার্থীর এমন সিদ্ধান্তে তারা বিস্মিত এবং হতবাক। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মানসিক সমস্যার কথা শিক্ষকদের সঙ্গে খোলামেলা শেয়ার করার সুযোগ বাড়ানো প্রয়োজন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান জানান, বেলা আড়াইটার দিকে তারা ঘটনাটি জানতে পারেন এবং পুলিশসহ ঘটনাস্থলে যান। প্রাথমিক সুরতহালে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মরদেহে কোনো আঘাতের চিহ্ন বা সুইসাইড নোট পাওয়া যায়নি। তিনি আরও জানান, মৃত্যুর আগে শিক্ষার্থী ভিডিও কলে থাকায় তার প্রেমিকা ও মেসের কেয়ারটেকারকে বিষয়টি জানালে তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন।
এ বিষয়ে মতিহার থানার ওসি মোহাম্মদ গোলাম কবির বলেন, ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও তদন্ত শেষে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



