সাইফুল ইসলাম : দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য সেনাবাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৭ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিট থেকে বেলা ১১টা পর্যন্ত মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জার্মিত্তা ইউনিয়নের মাদরাসাতুল মনোয়ারা কমপ্লেক্সের পেছনে ধলেশ্বরী নদীর তীরে হায়দারের কাঠবাগান এলাকায় সাভার সেনানিবাসের গ্রীষ্মকালীন মহড়ার জন্য স্থাপিত ৮ বীরের অস্থায়ী সেনা প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান। পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী সেনা সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের পেশাগত কার্যক্রমের খোঁজখবর নেন। তিনি বলেন, দেশ ও জনগণের কল্যাণে সেনাবাহিনীকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে পুরো এলাকায় কয়েক স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সমন্বয়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর পুরো সফর শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। সফর চলাকালে দায়িত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, নিরাপত্তা বিঘ্ন বা জনভোগান্তির খবর পাওয়া যায়নি।
এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, সাভার সেনানিবাসের জিওসি মেজর জেনারেল এস. এম. আসাদুল হক, ৮১ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফেরদৌস মোহাম্মদ জিয়াউদ্দিন, ৭১ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান, মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমসহ সেনাবাহিনী ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



