মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিতে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

অফিস আদেশে বলা হয়, আজ (মঙ্গলবার) ১০ মার্চ থেকে আগামী ১৬ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নিয়ন্ত্রণ কক্ষটি চালু থাকবে। সেখানে তিন শিফটে মোট ২১ জন কর্মকর্তা ও ৪২ জন কর্মচারী দায়িত্ব পালন করবেন।
রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের প্রবাসী কল্যাণ সেন্টারে (লিফটের ৭) নিয়ন্ত্রণ কক্ষটি স্থাপন করা হয়েছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া নিয়ন্ত্রণ কক্ষের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন। এছাড়া নিয়ন্ত্রণ কক্ষের ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মসংস্থান-১ শাখার উপসচিব মো. হেদায়েতুল ইসলাম মন্ডল।
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের বিদ্যমান যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন অনুযায়ী বিদেশে অবস্থিত শ্রমকল্যাণ উইংগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করবেন। পাশাপাশি নির্ধারিত ছক অনুযায়ী তথ্য সংগ্রহ করে তা ফোকাল পয়েন্ট কর্মকর্তার কাছে নিয়মিতভাবে জমা দেবেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা, প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং সংশ্লিষ্ট তথ্য সমন্বয়ের লক্ষ্যে এই নিয়ন্ত্রণ কক্ষ পরিচালিত হবে বলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


