দেশে পরিবার কার্ড ও কৃষক কার্ড সফলভাবে চালুর পর এবার প্রবাসীদের জন্য বিশেষ ডিজিটাল পরিচয়পত্র ‘প্রবাসী কার্ড’ চালু করতে যাচ্ছে সরকার। আগামী দুই মাসের মধ্যে এ কার্ড বিতরণের কার্যক্রম শুরু হবে।

রোববার (১০ মে) যুক্তরাষ্ট্রে অবস্থানকালে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য জানান।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় দেড় কোটি বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত আছেন। এই বিপুল প্রবাসী জনগোষ্ঠীর জন্য প্রবাসী কার্ড একটি কেন্দ্রীয় ডিজিটাল তথ্যভাণ্ডার হিসেবে কাজ করবে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক জানান, এই কার্ডটি পাসপোর্টের বিকল্প হিসেবেও ব্যবহারযোগ্য হতে পারে। কার্ডে সংযুক্ত কিউআর কোড স্ক্যান করলে প্রবাসীর সব তথ্য দ্রুত পাওয়া যাবে। এটি মোবাইলেও সংরক্ষণ ও ব্যবহার করা যাবে।
নতুন এই কার্ডে ব্যাংকিং সুবিধাও যুক্ত করার পরিকল্পনা রয়েছে। প্রতিমন্ত্রী জানান, এটি একটি দ্বৈত মুদ্রা কার্ড হিসেবে কাজ করবে, যার মাধ্যমে প্রবাসীরা বিদেশে অবস্থান করে স্থানীয় মুদ্রায় লেনদেন করতে পারবেন এবং একই সঙ্গে বাংলাদেশে থাকা পরিবারের সদস্যরা দেশীয় মুদ্রায় কেনাকাটা করতে পারবেন।
এ ছাড়া প্রবাসীরা বিদেশে বসেই দেশে থাকা পরিবারের জন্য অনলাইনে পণ্য কিনে দিতে পারবেন।
প্রবাসীদের পাঠানো অর্থ অনেক সময় পরিবারের সদস্যরা অনিয়ন্ত্রিতভাবে খরচ করে ফেলেন বলে অভিযোগ রয়েছে। এই সমস্যা কমাতে কার্ডটির মাধ্যমে ব্যয়ের ওপর কিছু নিয়ন্ত্রণ ব্যবস্থা রাখা হবে, যাতে প্রবাসীদের কষ্টার্জিত অর্থ সুরক্ষিত থাকে। পাশাপাশি কার্ডধারীরা রেমিট্যান্সে অতিরিক্ত প্রণোদনা এবং দেশে ফেরার পর সামাজিক সুরক্ষা সুবিধা পাবেন।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, দেশের বিভাগীয় ও জেলা শহরে ‘প্রবাসী সিটি’ গড়ে তোলা হবে। কার্ডধারীরা এসব প্রকল্পে আবাসন বা প্লট ক্রয়ে বিশেষ অগ্রাধিকার ও আর্থিক সুবিধা পাবেন। বিদ্যমান বিএমইটি বীমা ও ক্ষতিপূরণ সুবিধাও এই কার্ডের আওতায় আনা হবে।
অনেক প্রবাসী বিমানবন্দরসহ বিভিন্ন সেবা নিতে গিয়ে হয়রানির শিকার হন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রবাসীদের সম্মান নিশ্চিত করা এবং হয়রানি বন্ধে এই কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের আশা, এ উদ্যোগের ফলে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ আরও বৃদ্ধি পাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


