বছর ৬ আগে একক অ্যালবাম প্রকাশের ঘোষণা দিয়েছিলেন ব্যান্ড তারকা পার্থ বড়ুয়া। নাম ‘মুখোশ’। অ্যালবামের দুটি গান- ‘শহর ও মেঘদল’ এবং ‘বৃষ্টির গান’ প্রকাশ হয়েছিল তখন। দীর্ঘদিন পর এবার প্রকাশ্যে এলো অ্যালবামের ‘মুখোশ’ গানটি। সম্প্রতি শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে এটি। গীতিকবি রানার লেখা ‘মুখোশ’র সংগীতায়োজন করেছেন শিল্পী পার্থ নিজেই। প্রযোজনা করেছেন অভিক।

পার্থ বড়ুয়া বলেন, ‘মুখোশ গানে আমাদের ভেতর ও বাইরের দিকটি উন্মোচন করার চেষ্টা করা হয়েছে। জানানো হয়েছে, আমরা সবাই কিন্তু মুখোশ পরে থাকি। আমাদের ভেতরে রূপ এক, বাইরে আরেক। সাধারণত ব্যান্ডে আমরা যে ধরনের গান করে থাকি, এটি তা থেকে অনেকে আলাদা। তাই বাণিজ্যিক ভাবনাকে দূরে রেখেই “মুখোশ” অ্যালবামের আয়োজন। আশা করছি, এই গানসহ অ্যালবামের সব গানই শ্রোতাদের ভালো লাগবে।’
পার্থ জানান, গানের ভুবনে তার পথচালা প্রায় চার দশকের। এই দীর্ঘ সংগীতজীবনে কখনও একক অ্যালবাম প্রকাশ করেননি। ইচ্ছাও হয়নি, ব্যান্ডশিল্পীর পরিচয়কে ছাপিয়ে এককভাবে কিছু করার। সব সময় চেয়েছেন সোলস ব্যান্ডের সদস্য হিসেবে তার পরিচিতি গড়ে উঠুক। তারপরও সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নতুন কিছু সৃষ্টির চেষ্টা করেছেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
তেমনই ভিন্ন ধাঁচের পাঁচটি গান তৈরির পর মনে হয়েছে, সেগুলো আলাদাভাবে প্রকাশ করার। এ বিষয়ে সোলস ব্যান্ডের সদস্যরা সমর্থন জুগিয়েছেন। তাদের ইচ্ছাতেই গানগুলো ‘মুখোশ’ শিরোনামে একক অ্যালবামের মাধ্যমে প্রকাশ করা। এটি পার্থর শিল্পীজীবনের প্রথম মৌলিক একক অ্যালবাম। আর এই অ্যালবামের সবগুলো গান লিখেছেন গীতিকবি রানা। সুর-সংগীত করেছেন শিল্পী নিজেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


