বিশ্বকাপ শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মিসরকে ২-১ গোলে পরাজিত করেছে ব্রাজিল। যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে অনুষ্ঠিত এই ম্যাচে ব্রুনো গিমারায়েস ও এন্দ্রিকের গোলেই জয় নিশ্চিত করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় আধিপত্য বিস্তার করে ব্রাজিল। মাত্র সপ্তম মিনিটেই তারা এগিয়ে যায়। মিসরের মিডফিল্ডার মোহানাদ লাশিনের ভুলের সুযোগ নিয়ে বল দখলে নেন ব্রুনো গিমারায়েস। এরপর নিচু শটে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন তিনি।
তবে এই আনন্দ বেশি সময় স্থায়ী হয়নি। রক্ষণভাগের ভুলে দ্রুতই ম্যাচে সমতা আনে মিসর। মারকিনিওসের দুর্বল পাস থেকে বল পেয়ে যান মোস্তাফা জিকো। সুযোগ কাজে লাগিয়ে নিখুঁত শটে গোলরক্ষক আলিসনকে পরাস্ত করেন তিনি।
সমতায় ফিরে মিসর কিছুটা আত্মবিশ্বাস পেলেও ব্রাজিল একাধিক আক্রমণ চালায়। তবে গোলরক্ষক মোস্তাফা শুবির কয়েকটি চমৎকার সেভে ব্যবধান আর বাড়ানো সম্ভব হয়নি।
বিরতির পর কোচ কার্লো আনচেলত্তি একসঙ্গে একাধিক পরিবর্তন আনেন। ১৯ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড এন্দ্রিককে মাঠে নামানো হয়, যিনি নেমেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।
দ্বিতীয়ার্ধে ডান দিক থেকে আক্রমণ গড়ে তোলেন রাফিনিয়া। তার বাড়ানো বল থেকে দারুণ এক শটে দূরের কোণে বল পাঠিয়ে দেন এন্দ্রিক। এই গোলই শেষ পর্যন্ত ব্রাজিলের জয় নিশ্চিত করে।
এর আগে আরেক প্রস্তুতি ম্যাচে পানামাকে ৬-২ গোলে হারিয়েছিল ব্রাজিল। ফলে টানা দুই জয়ে আত্মবিশ্বাসী অবস্থায় বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে আনচেলত্তির দল।
আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড ও হাইতি। অন্যদিকে ১৫ জুন বেলজিয়ামের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে মিসর। পরে তারা খেলবে নিউজিল্যান্ড ও ইরানের বিপক্ষে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



