ইতিহাসে প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে জর্ডান। সেই ঐতিহাসিক আসরকে সামনে রেখে দেশটির প্রধান প্রশিক্ষক জামাল সেলামি ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন।

বিশ্বকাপের বাছাইপর্বে টানা দশবার ব্যর্থ হওয়ার পর অবশেষে স্বপ্নপূরণ হয়েছে মধ্যপ্রাচ্যের দেশটির। এশিয়া অঞ্চলের বাছাইপর্বে ওমানকে ৩-০ গোলে পরাজিত করে তারা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে। এর আগে ২০২৪ সালের এশিয়ান কাপেও সবাইকে চমকে দিয়ে প্রথমবারের মতো ফাইনালে পৌঁছেছিল জর্ডান।
বিশ্বকাপের মঞ্চে জর্ডানকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ডিফেন্ডার ও অধিনায়ক ইহসান হাদ্দাদ। আল-হুসেইন ক্লাবের হয়ে খেলা ৩২ বছর বয়সী এই ফুটবলার দীর্ঘদিন ধরে জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য।
দলের সবচেয়ে বড় ভরসা ফরোয়ার্ড মুসা আল-তামারি। দুর্দান্ত ড্রিবলিং, গতি ও আক্রমণভাগে সৃষ্টিশীলতার কারণে তিনি ইতোমধ্যে ‘জর্ডানিয়ান মেসি’ নামে পরিচিতি পেয়েছেন। তার পাশাপাশি গোলরক্ষক ইয়াজিদ আবুলাইলা, ডিফেন্ডার ইয়াজান আল-আরব, মিডফিল্ডার রাজাই আয়েদ এবং মাহমুদ আল-মারদির মতো ফুটবলারদের দিকেও বিশেষ নজর থাকবে।
বিশ্বকাপের ‘জে’ গ্রুপে জায়গা হয়েছে জর্ডানের। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, আলজেরিয়া এবং অস্ট্রিয়া। আগামী ১৬ জুন অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের ইতিহাসে নিজেদের প্রথম অভিযান শুরু করবে জর্ডান।
জর্ডানের বিশ্বকাপ দল:
গোলরক্ষক: ইয়াজিদ আবুলাইলা, আবদুল্লাহ আল-ফাহুরি, নূর বানি আতিয়াহ।
রক্ষণভাগ: ইহসান হাদ্দাদ, মোহাম্মদ আবুয়ালনদি, হুসাম আবু দাহাব, মোহাম্মদ আবু হাশিশ, ইয়াজান আল-আরব, আবদুল্লাহ নাসিব, সালিম ওবায়েদ, সাইদ আল-রোসান, আনাস বাদাউই ও মোহান্নদ আবু তাহা।
মধ্যমাঠ: মোহাম্মদ আল-দাউদ, নিজার আল-রাশদান, নূর আল-রাওয়াবদেহ, রাজাই আয়েদ, আমের জামুস ও ইব্রাহিম সাদেহ।
আক্রমণভাগ: মাহমুদ আল-মারদি, মুসা আল-তামারি, আলী অলওয়ান, ইব্রাহিম সাবরা, ওদেহ আল-ফাহুরি, মোহাম্মদ আবু জরাইক এবং আলী আজাইজাহ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



