পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের মৌসুমের উদ্বোধনী ম্যাচে এক অদ্ভুত ঘটনার সাক্ষী হলো লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। হায়দরাবাদ কিংসম্যানের জার্সির রঙ লেগে যাওয়ায় প্রথম ইনিংসের ১৫ ওভার পর বল পরিবর্তন করতে বাধ্য হন আম্পায়াররা। প্রতিবেদন ইএসপিএন ক্রিকইনফোর।

ম্যাচটিতে বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের বিপক্ষে মেরুন রঙের জার্সি পরে মাঠে নামে কিংসম্যান। অভিযোগ, সেই জার্সির রঙ সাদা কোকাবুরা বলে লেগে যায়, ফলে ব্যাটারদের জন্য বল দেখা কঠিন হয়ে পড়ে। পাওয়ারপ্লের শেষ দিকেই বলের রঙে পরিবর্তন স্পষ্ট হয়ে ওঠে।
কিংসম্যান অধিনায়ক মারনাস লাবুশেন ম্যাচ শেষে জানান, দ্বিতীয় ওভারেই তিনি বিষয়টি আম্পায়ারদের নজরে আনেন। তিনি বলেন, ‘দ্বিতীয় ওভারের পরই আমি আম্পায়ারদের বলেছিলাম, বল পুরো লাল হয়ে যাচ্ছে। সম্ভবত জার্সি থেকেই এই রঙ লেগেছে। এমন ঘটনা আগে দেখিনি, যদিও প্যাড বা ব্যাট থেকে বলের রঙ বদলাতে দেখেছি।’
অন্যদিকে লাহোর কালান্দার্সের পেসার হারিস রউফ মনে করেন, বলের রঙ পরিবর্তনের পেছনে স্টেডিয়ামের গ্যালারির আসনও ভূমিকা রাখতে পারে। যদিও গাদ্দাফি স্টেডিয়ামের আসনগুলো সবুজ ও সাদা।
রউফ বলেন, ‘নিশ্চিত করে বলা যাচ্ছে না ঠিক কী কারণে বল পরিবর্তন করা হয়েছে। বল কয়েকবার গ্যালারিতে গিয়েছিল, সেখান থেকেও রঙ লাগতে পারে। তবে ব্যাটাররা যতক্ষণ বল পরিষ্কারভাবে দেখতে পেরেছে, ততক্ষণ খেলেছে। সমস্যা বাড়লে তখনই হয়তো বল বদলানো হয়েছে।’
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
নিজেদের পিএসএল অভিষেক ম্যাচে অবশ্য বড় ব্যবধানে হারতে হয়েছে কিংসম্যানকে। তারা ৬৯ রানে হেরে যায় লাহোর কালান্দার্সের কাছে। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে লাহোর কালান্দার্সকে অভিনন্দন জানিয়ে কিংসম্যান মজা করে লিখে, ‘প্রথম ‘‘পিঙ্ক-বল’’ ম্যাচ জেতার জন্য অভিনন্দন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


