পাকিস্তান সুপার লিগে এক অদ্ভুত ঘটনা ঘটেছে, যা ক্রিকেটের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। পাকিস্তান সুপার লিগ-এর লাহোর কালান্দার্স ও হায়দরাবাদ কিংসম্যানের ম্যাচে ব্যবহৃত সাদা বল হঠাৎ করে মেরুন রঙ ধারণ করে।

ম্যাচ চলাকালীন এই রঙ পরিবর্তনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরে জানা যায়, বলটি পরিবর্তন করতে হয়েছে। ইএসপিএনক্রিকইনফো-এর প্রতিবেদনে বলা হয়, হায়দরাবাদের মেরুন রঙের জার্সির প্রভাবেই বলের রঙ পরিবর্তিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাহোর কালান্দার্সের ইনিংসে ১৫তম ওভার শেষে বলটি বদলানো হয়।
এর আগে কয়েক ওভার খেলায় রঙ পরিবর্তিত বল ব্যবহার করা হয়। পাওয়ারপ্লে শেষ হওয়ার আগেই সাদা বলের ওপর মেরুন আভা দেখা যেতে থাকে, যা খালি চোখেও স্পষ্ট ছিল। বিষয়টি লক্ষ্য করে হায়দরাবাদের অধিনায়ক মারনাস লাবুশেন দ্বিতীয় ওভারেই আম্পায়ারদের কাছে বল পরিবর্তনের অনুরোধ জানান।
৬৯ রানে পরাজয়ের পর সংবাদ সম্মেলনে লাবুশেন বলেন, তিনি আম্পায়ারদের বলের রঙ পরিবর্তন নিয়ে প্রশ্ন করেন এবং জানান, এটি সম্ভবত জার্সি বা অন্য কোনো কারণে হয়েছে। তার ভাষায়, আগে এমন ঘটনা তিনি কখনো দেখেননি। তিনি আশা প্রকাশ করেন, পরবর্তী ম্যাচের আগে বিষয়টির সমাধান করা হবে।
অন্যদিকে লাহোরের বোলার হারিস রউফ বলেন, গ্যালারির আসনের রঙ থেকেও এমন প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। গাদ্দাফি স্টেডিয়ামের আসনগুলো সবুজ ও সাদা হওয়ায় এই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তিনি আরও জানান, বলটি একাধিকবার গ্যালারির দিকে যাওয়ায় এমন ঘটনা ঘটতে পারে। ব্যাটসম্যানরা যতক্ষণ পরিষ্কারভাবে দেখতে পেয়েছেন, ততক্ষণ খেলা চালিয়ে গেছেন; সমস্যা হলে বল পরিবর্তন করা হয়েছে।
মজার ছলে ম্যাচ শেষে হায়দরাবাদ সামাজিক মাধ্যমে লাহোর কালান্দার্সকে অভিনন্দন জানিয়ে লিখেছে, ‘নিজেদের প্রথম গোলাপি বলের ম্যাচ জেতার জন্য অভিনন্দন!’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


