জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম জানিয়েছেন, অতীতে কেউ ছাত্রদল, ছাত্রশিবির বা ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকলেও সেটি এনসিপিতে যোগদানের ক্ষেত্রে বিবেচ্য বিষয় হবে না। তবে এনসিপিতে যুক্ত হতে হলে দলের আদর্শ ও নীতিমালা অনুসরণ করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে।

রোববার (১৯ এপ্রিল) রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নেতাদের এনসিপিতে যোগদান উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, যারা এনসিপির সংগঠন কাঠামো ও নীতিমালা মেনে বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করতে চান, তাদের সবাইকে স্বাগত জানানো হবে। তবে ফ্যাসিবাদে জড়িত, গণহত্যায় সম্পৃক্ত, চাঁদাবাজি বা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কেউ দলে অন্তর্ভুক্ত হতে পারবে না।
তিনি আরও বলেন, যারা আজ এনসিপিতে যোগ দিচ্ছেন, তারা এতদিন আলাদা প্ল্যাটফর্মে থাকলেও মূলত একই লক্ষ্যেই কাজ করেছেন। এখন তারা আনুষ্ঠানিকভাবে একই সংগঠনে যুক্ত হচ্ছেন।
এ সময় তিনি সারাদেশের তরুণসহ সব শ্রেণির মানুষকে এনসিপিতে যুক্ত হয়ে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান।
নাহিদ ইসলাম আরও বলেন, দেশে যেন নতুন কোনো স্বৈরতন্ত্রের উত্থান না ঘটে সে জন্য তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। জনগণের গণরায়ের প্রতি সম্মান দেখিয়ে সংস্কার বাস্তবায়ন এবং জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার ওপরও তিনি গুরুত্ব দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


