অবশেষে নিজের পুরোনো ক্লাব রিয়াল মাদ্রিদে ফিরছেন বিশ্বখ্যাত পর্তুগিজ কোচ হোসে মরিনহো। ‘দ্য স্পেশাল ওয়ান’ খ্যাত এই কোচ ইতোমধ্যে স্প্যানিশ ক্লাবটির দায়িত্ব নেওয়ার ব্যাপারে সম্মতি দিয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৯ জুন) মরিনহোর বর্তমান ক্লাব বেনফিকা এক বিবৃতির মাধ্যমে তার বিদায়ের বিষয়টি নিশ্চিত করে। ক্লাবটি জানায়, ১৫ মিলিয়ন ইউরোর চুক্তিতে হোসে মরিনহোকে প্রধান কোচ হিসেবে নিয়োগের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে রিয়াল মাদ্রিদ। এ বিষয়ে মরিনহোও সম্মতি দিয়েছেন।
বিবৃতিতে বেনফিকা মরিনহোর অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তাকে ধন্যবাদ জানায় এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানায়।
এরপরই বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে খবরটি প্রকাশ করেন। তার পোস্টের পর ফুটবল অঙ্গনে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
এর আগে রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ নির্বাচনী প্রচারণার সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচনে জয়ী হলে তিনি মরিনহোকে আবারও ক্লাবের কোচ হিসেবে ফিরিয়ে আনবেন। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি সংক্ষিপ্ত ভিডিও বার্তায় তিনি সমর্থকদের সামনে এই পরিকল্পনার কথা তুলে ধরেন।
ভিডিওটিতে মরিনহোকেও দেখা যায়। সেখানে তাকে ফিরে আসার বিষয়ে এক শব্দে সম্মতি জানাতে শোনা যায়। তার উত্তর ছিল— ‘হ্যাঁ’।
উল্লেখ্য, ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের দায়িত্বে ছিলেন হোসে মরিনহো। তার অধীনে দলটি স্প্যানিশ লিগ শিরোপা জয়ের পাশাপাশি ইউরোপের অন্যতম শক্তিশালী ক্লাবে পরিণত হয়েছিল। ফলে তার প্রত্যাবর্তনের খবরে রিয়াল সমর্থকদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস দেখা দিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



