‘রাগ করলা, কথা ঠিক না বেঠিক?’ সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করেই এই সংলাপটি ব্যাপক ভাইরাল হয়েছে। ফেসবুক, টিকটক কিংবা ইউটিউব; যেখানেই স্ক্রল করা হোক না কেন, নেটিজেনদের টাইমলাইনে বারবার ভেসে উঠছে এই কথা। বিশেষ বাচনভঙ্গি আর চোখের ইশারায় বলা এই সংলাপটি শুনে অনেকেই মনে করছেন, এটি হয়তো কোনো আসল কবিরাজের কথা। তবে অনুসন্ধানে জানা গেছে, ভাইরাল হওয়া সেই ব্যক্তি আসলে কোনো কবিরাজ নন, বরং তিনি একজন পেশাদার অভিনেতা ও কনটেন্ট ক্রিয়েটর।

কবিরাজ রূপে ভাইরাল হওয়া এই ব্যক্তির আসল নাম ঈমান আলী। তিনি জানান, এই চরিত্রটি মূলত বিনোদন ও সামাজিক সচেতনতা তৈরির উদ্দেশ্যে ফুটিয়ে তোলা হয়েছিল।
নিজের আইডিয়া বা ভাবনা প্রসঙ্গে ঈমান আলী বলেন, “আমি একদিন ব্যক্তিগত প্রয়োজনে এক কবিরাজের কাছে গিয়ে প্রতারিত হয়েছিলাম। সেখান থেকেই আমার মাথায় একটি ধারণা আসে। ভাবলাম, কবিরাজের চরিত্রে অভিনয় করে যদি একটি ভিডিও বানানো যায়, যেখানে মানুষকে সতর্ক করা যাবে; যেন তারা আর এমন প্রতারণার শিকার না হন।” সেই বাস্তব অভিজ্ঞতা ও মানুষকে সচেতন করার চিন্তা থেকেই তিনি এই চরিত্রটি রূপায়ণ করেন। এর আগে অনেক ভিডিও বানালেও এটি যে এত দ্রুত দেশজুড়ে ভাইরাল হবে, তা তিনি ভাবেননি।
খোঁজ নিয়ে জানা গেছে, ঈমান আলীর মূল বাড়ি লালমনিরহাট জেলায়। তবে প্রায় দুই যুগ আগে তিনি লালমনিরহাট থেকে গাজীপুরে চলে আসেন। বর্তমানে তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ও কোনাবাড়ী এলাকায় বসবাস করছেন।
দীর্ঘদিন ধরেই তিনি বিভিন্ন কনটেন্ট নির্মাতা ও নাট্যদলের সঙ্গে যুক্ত হয়ে নিয়মিত অভিনয় করছেন। মঙ্গলবারও একটি নতুন ভিডিওর শুটিংয়ের জন্য কালিয়াকৈর উপজেলার একটি রিসোর্টে ব্যস্ত সময় পার করছিলেন তিনি। স্থানীয়রা জানান, ঈমান আলী বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে মূলত হাস্যরসাত্মক ও সামাজিক সচেতনতামূলক ভিডিও তৈরি করে থাকেন। কিন্তু এবারের কবিরাজ চরিত্রটি তাকে এক লহমায় লাইমলাইটে নিয়ে এসেছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
একটি ফেসবুক ও ইউটিউব কনটেন্টের জন্য তৈরি করা এই ভিডিওতে ঈমান আলীর সংলাপ দেওয়ার বিশেষ ভঙ্গিটি মুহূর্তেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই ভিডিওটি লাখ লাখ ভিউ ও শেয়ারের তালিকায় জায়গা করে নেয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



