কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বালুভর্তি একটি ট্রাক রেললাইনের ওপর উল্টে পড়ে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এতে কুড়িগ্রাম এক্সপ্রেসসহ ঢাকাগামী ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, চলন্ত অবস্থায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়ে। এতে পুরো রেলপথ বন্ধ হয়ে যায় এবং কুড়িগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
ঘটনার কারণে নির্ধারিত সময়ে কুড়িগ্রাম এক্সপ্রেস স্টেশনে আসতে পারেনি। বিকল্প উপায়ে যাত্রীরা বাস, অটোরিকশা ও সিএনজিতে করে তিস্তা রেলওয়ে স্টেশনের দিকে রওনা হন। এতে অনেককে অতিরিক্ত ভাড়া গুনতে হয় এবং চরম দুর্ভোগে পড়তে হয়।
রেল কর্তৃপক্ষ জানায়, সকাল ৭টা ১০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। এরপরই রেললাইন থেকে ট্রাকটি সরিয়ে নেওয়ার কাজ শুরু করা হয়। তবে লাইন পরিষ্কার ও মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়নি।
ঢাকাগামী যাত্রী রুবেল মিয়া বলেন, “স্টেশনে এসে জানতে পারি ট্রেন আসবে না। পরে বাধ্য হয়ে তিস্তা স্টেশনের উদ্দেশে রওনা দিই। আমাদের মতো অনেক যাত্রীই ভোগান্তিতে পড়েছেন।”
কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের ইনচার্জ কনিকা জানান, ট্রাক অপসারণের কাজ চলছে। কাজ শেষ না হওয়া পর্যন্ত রেল চলাচল স্বাভাবিক হওয়ার সময় নিশ্চিত করে বলা যাচ্ছে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



