ফাল্গুনের শুরুতেই মেঘ-বৃষ্টির লুকোচুরির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত কয়েক দিন সারা দেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করলেও আগামী সপ্তাহের শুরুতে রাজধানীসহ দেশের কয়েকটি বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রকাশিত পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হতে পারে। ওইদিন ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। অন্যদিকে দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা প্রতিবেদনে বলা হয়েছে, বিষুবীয় ভারত মহাসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে গুরুত্বহীন হয়ে পড়েছে। একই সঙ্গে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করায় দেশের আবহাওয়া আপাতত স্থিতিশীল রয়েছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
পূর্বাভাসে আরও জানানো হয়, আগামী দুদিন সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য ওঠানামা করতে পারে এবং বর্ধিত পাঁচ দিনের শেষ দিকে রাতের তাপমাত্রা আবারও কিছুটা কমতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


