আসন্ন নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঢাকা মহানগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ডিএমপি জানিয়েছে, রাজধানীর মোট ভোটকেন্দ্রের মধ্যে ৩৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তার পাশাপাশি বডি ক্যামেরা ব্যবহার করা হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। সংবাদ সম্মেলনের বিষয় ছিল নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপির গৃহীত সার্বিক নিরাপত্তা পরিকল্পনা।
ডিএমপি কমিশনার জানান, রাজধানীতে মোট ১ হাজার ৬১৪টি ভোটকেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। এসব কেন্দ্রে চারজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ৫১৭টি সাধারণ ভোটকেন্দ্রে তিনজন করে পুলিশ মোতায়েন থাকবে।
ঝুঁকিপূর্ণ ৩৭টি ভোটকেন্দ্রে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। এসব কেন্দ্রে সাতজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণে ব্যবহার করা হবে বডি ক্যামেরা।
তিনি আরও বলেন, নির্বাচনকে ঘিরে ডিএমপির প্রায় ২৫ হাজার পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে স্পেশাল রিজার্ভ ফোর্স, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড।
সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) সরওয়ার এবং অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম নজরুল ইসলামও উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


