রাজধানীর গুলশান ও মোহাম্মদপুর থেকে ৪৫০ গ্রাম কোকেনসহ ৭ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগ। রোববার (৫ এপ্রিল) তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- মো. মিলন মোল্লা (৪০), মো. মেহেদী হাসান ওরফে সম্রাট (২৬), মো. তরিকুল ইসলাম (৩২), মো. ফাহিম আশরাফ (৩৫), মো. রাকিব হোসেন (৪৫), মো. শহিদুল ইসলাম (৫৫) ও মো. আওয়াল তালুকদার (৪৮)।
ডিবি লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৫ এপ্রিল) বিকাল আনুমানিক ৫টা ১০ মিনিটে গুলশান থানাথীন গুলশান-২ এ ডিএনসিসি মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম কোকেনসহ মিলন, মেহেদী, তরিকুল ও ফাহিমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্য মতে একই তারিখ রাত আনুমানিক ১২টায় মোহাম্মদপুর থানাধীন সলিমুল্লাহ রোড অভিযান পরিচালনা করে ৩৫০ গ্রাম কোকেনসহ মো. রাকিব, শহিদুল ও আওয়ালকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
ডিবি জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দেশের বিভিন্ন এলাকা হতে মাদকদ্রব্য কোকেন সংগ্রহ করে গুলশান থানাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করতো। আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


