রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার ডিএনএ প্রতিবেদন আগামী ৭২ ঘণ্টার মধ্যে পাওয়া গেলে পবিত্র ঈদুল ফিতরের আগেই আদালতে অভিযোগপত্র জমা দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। শনিবার (২৩ মে) তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, ডিএনএ প্রতিবেদন ছাড়া অভিযোগপত্র দাখিল করা হলে পরবর্তীতে বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠতে পারে। তাই তদন্তের গুরুত্বপূর্ণ এই প্রতিবেদন হাতে পাওয়ার পরই পুলিশ আনুষ্ঠানিকভাবে চার্জশিট দাখিল করবে। সবকিছু ঠিক থাকলে ঈদের আগেই তা সম্পন্ন করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, ঈদের ছুটির পরপরই এই আলোচিত ও নৃশংস হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে। দ্রুত সময়ের মধ্যে বিচার শেষ করার ব্যাপারেও সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানান মন্ত্রী।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের সাজা উচ্চ আদালতে অনুমোদনের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার বিষয়ে কথা বলতে গিয়ে আইনমন্ত্রী বলেন, বিচারিক আদালতে রায় হওয়ার পর মামলাটি হাইকোর্টে গেলে ‘পেপার বুক’ বা মামলার বিস্তারিত নথি প্রস্তুত করতে দীর্ঘ সময় লাগে। এর ফলে চূড়ান্ত রায় পেতেও বিলম্ব হয়।
তিনি জানান, বিচার প্রক্রিয়াকে আরও দ্রুত ও কার্যকর করতে এই জটিলতা কমানোর উপায় নিয়ে সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



