শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন করতে রাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তবে বিচারক ও আইনজীবীর সংকটের কারণে দেশে অনেক মামলার বিচার দীর্ঘ হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করতে রাষ্ট্রের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা প্রয়োজন, তা করা হবে। তবে সারাদেশে বিচারক সংকট রয়েছে। একই সঙ্গে ট্রায়ালে অংশ নেওয়ার মতো আইনজীবীর সংখ্যাও কম। এ কারণে মামলা জট কমানো যাচ্ছে না।’
এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর ‘আইন মন্ত্রণালয় থেকে আদালত নিয়ন্ত্রণ করা হয়’—এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী বলেন, এ ধরনের মন্তব্য আদালত অবমাননার শামিল। বিচারকরা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছেন বলেই এনসিপির নেতারা গ্রেপ্তারের পরদিনই জামিন পেয়েছেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের বিচার বিভাগ অন্য অনেক দেশের তুলনায় স্বাধীনভাবে কাজ করতে পারে। সম্প্রতি ঝিনাইদহে এনসিপি নেতাকর্মীদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় পুলিশের দায়িত্বশীলতার কোনো ঘাটতি ছিল না বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
আইনমন্ত্রী বলেন, বিচারকরা স্বাধীনভাবেই দায়িত্ব পালন করেছেন। বিষয়টি নিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



