জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকারি ছুটি ঘোষণার পর ঘরমুখো মানুষের ঢল নামলেও পর্যাপ্ত যানবাহনের অভাবে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বিশেষ করে আশুলিয়ার বাইপাইল এলাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গাড়ি না পেয়ে ক্ষোভে ফেটে পড়ছেন ভোটাররা।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বাইপাইলে দাঁড়িয়ে কুড়িগ্রামগামী পোশাক কারখানার কর্মকর্তা আনিসুর রহমান বলেন, গভীর রাত তিনটা থেকে একই জায়গায় অপেক্ষা করছেন তিনি। দুপুর গড়িয়ে গেলেও গাড়ির দেখা নেই। যে দু-একটি যান পাওয়া যাচ্ছে, সেগুলোর ভাড়া কয়েকগুণ বেশি। তার ভাষায়, “শুধু আশ্বাস শোনা যায়। নির্বাচনের আগে প্রার্থীরা বড় বড় কথা বলেন, কিন্তু সাধারণ মানুষের কষ্ট নিয়ে কারও কোনো মাথাব্যথা নেই।”
তিনি আরও বলেন, সরকার একযোগে ছুটি দিয়ে মানুষকে ভোট দিতে যেতে উৎসাহিত করেছে ঠিকই, কিন্তু যাতায়াতের দুর্ভোগ কতটা ভয়াবহ—এটা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে থাকা মানুষরা কখনো বুঝবেন না। প্রয়োজন হলে বিআরটিসি বা অতিরিক্ত যানবাহন নামানো যেত বলেও মন্তব্য করেন তিনি। ভোট দেওয়া হলেও সত্যিকারের প্রতিনিধি পাওয়া যাবে কিনা—এ নিয়ে সংশয় প্রকাশ করেন আনিসুর।
একই স্থানে অপেক্ষমাণ আরেক যাত্রী আব্দুল মালেক বলেন, রাজনৈতিক নেতাদের কর্মসূচিতে বাস ভাড়া করে নিয়ে যাওয়া হয়, অথচ সাধারণ মানুষ ভোট দিতে বাড়ি যাওয়ার সময় কোনো যানবাহনের ব্যবস্থা রাখা হয়নি। কারও পক্ষ থেকেই বাড়তি উদ্যোগ দেখা যাচ্ছে না বলে অভিযোগ তার।
ভোর পাঁচটা থেকে চার বছরের শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকা আফসানা মিমি বলেন, সরকার মূলত ‘উপরের তলার’ মানুষের জন্য কাজ করে। সাধারণ মানুষের দুর্ভোগ দেখার মতো সময় বা আগ্রহ কারও নেই। পুলিশের সামনেই অতিরিক্ত ভাড়া আদায় হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
সাভার ও গাজীপুর ট্রাফিক বিভাগের তথ্যমতে, উত্তরবঙ্গগামী যানবাহনের জন্য নবীনগর–চন্দ্রা সড়কে সবচেয়ে বেশি চাপ সৃষ্টি হয়েছে। বিভিন্ন পয়েন্টে যানবাহনের জটলা তৈরি হয়েছে এবং প্রায় ১০ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। রাত থেকে এখন পর্যন্ত শতশত যাত্রী সড়কের পাশে গাড়ির অপেক্ষায় রয়েছেন।
এদিকে আশুলিয়ার নবীনগর–চন্দ্রা মহাসড়কে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে ঘরমুখো পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বলেও জানা গেছে।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহজাহান জানান, যাত্রীর চাপ বেশি থাকায় অনেক মানুষ সড়কে অবস্থান নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


