মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সন্ধ্যা ৬টার মধ্যে দেশের সব দোকানপাট ও শপিংমল বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন দোকান মালিকরা। তারা সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত ব্যবসা পরিচালনার সুযোগ চেয়েছেন।

এ লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। একই সঙ্গে প্রয়োজনে সকাল ৯টার পরিবর্তে বেলা ১১টায় দোকানপাট খোলার প্রস্তাবও দিয়েছে সংগঠনটি।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় সংগঠনের সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সমিতির স্ট্যান্ডিং কমিটির এক জরুরি ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের প্রায় ৭০ লাখ দোকান ব্যবসায়ী এবং আড়াই কোটি কর্মচারীর জীবিকা ও স্বার্থ বিবেচনায় নিয়ে দোকান ও শপিংমল খোলার সময় পুনর্নির্ধারণের দাবি জানানো হয়।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্য সচল রাখা এবং কর্মসংস্থান রক্ষার স্বার্থে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখার অনুমতি দেওয়া প্রয়োজন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
ব্যবসায়ী নেতারা আশা প্রকাশ করেন, সরকারের সংশ্লিষ্ট মহল বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত একটি বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


