চৈত্রের বিদায়লগ্নে দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্ন বৃষ্টিপাতে তীব্র গরমের দাপট কমে কিছুটা স্বস্তি ফিরেছে। সবশেষ ২৪ ঘণ্টায়ও দেশে সর্বোচ্চ ৩১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে এখনো ৩৪ ডিগ্রির ঘরেই বিরাজ করছে সর্বোচ্চ তাপমাত্রা। এই অবস্থার মধ্যে শুক্রবার (১০ এপ্রিল) রাতের মধ্যেই ঢাকাসহ দেশের ৫ জেলার উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, শুক্রবার রাত ১টার মধ্যে ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেটের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আগামী ৫ দিনও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (৫ দিন) আবহাওয়ার পূর্বাভাসে এমনটা জানানো হয়েছে।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, শনি ও রোববার (১১-১২ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এরমধ্যে শনিবার সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বাড়তে পারে। পাশাপাশি রোববার সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে।
এই আবহাওয়াবিদ আরও জানিয়েছেন, সোম ও মঙ্গলবার (১৩-১৪ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এরমধ্যে সোমবার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। পাশাপাশি মঙ্গলবারও দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এদিকে আগামী বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় নীলফামারীর ডিমলায় দেশের সর্বোচ্চ ৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে কিশোরগঞ্জের নিকলিতে ৩০ মিলিমিটার ছাড়াও সিলেটে ২৩, নীলফামারীর সৈয়দপুরে ১৮, নেত্রকোণায় ১১, মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও নীলফামারীর রাজারহাটে ১০ মিলিমিটারসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
অন্যদিকে শুক্রবার সন্ধ্যায় যশোরে দেশের সর্বোচ্চ ৩৪ দশমিক ৮ মিলিমিটার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


