প্রায় সবাই সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করেন, তারপর নাশতা করে দিনের কাজে ব্যস্ত হয়ে যান। দিনের শেষে বাসায় ফিরে খাবার খেয়ে শুয়ে পড়া হয়। কিন্তু রাতে দাঁত ব্রাশ করার অভ্যাস খুব কম মানুষের মধ্যে দেখা যায়। যদিও সকালের এবং রাতের ব্রাশের গুরুত্ব সম্পর্কে বেশিরভাগ মানুষই জানেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, রাতে দাঁত ব্রাশ না করার ছোট্ট অভ্যাসও ভয়ঙ্কর স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মুখের স্বাস্থ্য ও শরীরের সামগ্রিক সুস্থতার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
ডা. সুদ জানিয়েছেন, রাতের ব্রাশ বাদ দিলে মুখে প্লাক ও ব্যাকটেরিয়া জমে। এই ব্যাকটেরিয়া রক্তপ্রবাহে প্রবেশ করে প্রদাহ সৃষ্টি করতে পারে, যা দীর্ঘমেয়াদে হার্টের ক্ষতি করতে পারে। তিনি সতর্ক করে বলেন, যদিও দাঁত ব্রাশ সরাসরি হৃদরোগের কারণ নয়, মুখের স্বাস্থ্যহীনতা হার্টের জন্য ঝুঁকির অন্যতম উৎস।
২০২৩ সালের একটি গবেষণার তথ্য অনুযায়ী, দুর্বল মুখের স্বাস্থ্যবিধি হার্ট অ্যাটাক এবং হৃদযন্ত্রের ব্যর্থতার ঝুঁকির সঙ্গে যুক্ত। যারা নিয়মিত দাঁত ব্রাশ ও ফ্লস করেন, তাদের হার্ট সুস্থ থাকার সম্ভাবনা বেশি। দিনে দুইবার বা তিনবার দাঁত ব্রাশ করা হৃদরোগের ঝুঁকি কমায় এবং মাড়ির রোগ ও দাঁত পড়া প্রতিরোধে সাহায্য করে।
মুখের ব্যাকটেরিয়া কীভাবে হার্টকে প্রভাবিত করে
ডা. জগদীশ বলেন, রাতে দাঁত ব্রাশ না করলে মুখে প্লাক জমে এবং ব্যাকটেরিয়া বৃদ্ধিপ্রাপ্ত হয়। এই ব্যাকটেরিয়া বিষাক্ত পদার্থ নির্গত করে, যা রক্তে প্রবেশ করে প্রদাহ সৃষ্টি করতে পারে। দীর্ঘস্থায়ী প্রদাহ রক্তনালীর আস্তরণকে ক্ষতিগ্রস্ত করে, ধমনীতে প্লাক জমায় এবং হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি করে।
মুখের স্বাস্থ্য বজায় রাখার পরামর্শ
ডা. জগদীশের মতে, হৃদরোগের ঝুঁকি মূল্যায়নে রক্তচাপ, কোলেস্টেরল, রক্তে শর্করা, পারিবারিক ইতিহাস, খাদ্যাভ্যাস, ব্যায়াম ও ধূমপানের অভ্যাস বিবেচনা করা প্রয়োজন। তবে মুখের স্বাস্থ্য ঠিক রাখলে প্রদাহ কমে এবং হার্টের সুস্থতা বজায় থাকে।
পরামর্শ:
-দিনে অন্তত দুইবার, দুই মিনিট করে দাঁত ব্রাশ করুন।
-দুপুরে খাবারের পর দ্রুত ব্রাশ করা ভালো।
-ঘুমানোর আগে ফ্লস বা ইন্টারডেন্টাল ব্রাশ ব্যবহার করুন।
-নিয়মিত দাঁতের পরীক্ষা ও সমস্যা থাকলে প্রাথমিক চিকিৎসা নিন।
মুখের স্বাস্থ্য ঠিক রাখাই হার্ট সুস্থ রাখার এক সহজ ও কার্যকর উপায়। ঘুমানোর আগে দাঁত ব্রাশ করা অভ্যাসে পরিণত করলে স্বাস্থ্যঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


