চৈত্রের তীব্র গরমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে। দাবদাহে ক্লান্ত জনজীবন যেন স্বস্তির বৃষ্টির অপেক্ষায়। এমন পরিস্থিতিতে রাতের মধ্যেই ঢাকাসহ দেশের ছয়টি জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি আগামী চার দিনে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানিয়েছেন, বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ১টার মধ্যে ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, যশোর, খুলনা ও কুমিল্লা অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েকদিন দেশজুড়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ঢাকা, রংপুর, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার পর্যন্ত রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। এদিন দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।
রোববার বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে এবং অন্যান্য বিভাগে বিচ্ছিন্নভাবে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং দেশের অন্যান্য অংশে অস্থায়ী বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবারও ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস রয়েছে।
গত ২৪ ঘণ্টায় আরিচায় সর্বোচ্চ ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া ঢাকায় ৪০ মিলিমিটার, নারায়ণগঞ্জে ১২, চাঁদপুরে ৯ এবং ফরিদপুরে ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
অন্যদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় বান্দরবানে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঢাকায় এ সময় তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিনে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


