আসন্ন ক্লাব নির্বাচনের আগে চমকপ্রদ ঘোষণা দিয়ে ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে তিনি জানিয়েছেন, আগামী গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে অন্তত ১৫০ মিলিয়ন ইউরো ব্যয়ে একজন বিশ্বমানের তারকা ফুটবলার দলে ভেড়ানোর পরিকল্পনা রয়েছে ক্লাবটির।

পেরেজের এই ঘোষণার পর ফুটবল অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক জল্পনা-কল্পনা—কে হতে পারেন সেই বড় তারকা? এত বিপুল অঙ্কের ট্রান্সফার ফি দেওয়ার মতো খেলোয়াড়ের সংখ্যা বর্তমানে খুবই সীমিত।
সাম্প্রতিক সময়ে একাধিক প্রতিবেদনে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) কয়েকজন তারকার নাম আলোচনায় আসে। বিশেষ করে ভিতিনহা ও জোয়াও নেভেসকে সম্ভাব্য লক্ষ্য হিসেবে বিবেচনা করা হচ্ছিল।
তবে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘কোপ’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, পিএসজির অবস্থান পরিষ্কার—ভিতিনহা কিংবা জোয়াও নেভেস কাউকেই তারা বিক্রির জন্য বিবেচনা করছে না, এমনকি ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব এলেও নয়।
ফরাসি ক্লাবটির মতে, রিয়াল মাদ্রিদ এ ধরনের গুঞ্জন তৈরি করে ট্রান্সফার বাজারে আলোচনায় থাকতে চায়, তাই তারা এই বিষয়ে কোনো বিতর্কে জড়াতে আগ্রহী নয়।
পেরেজ জানিয়েছেন, তিনি পুনরায় সভাপতি নির্বাচিত হলে ভোটের মাত্র দুই দিন পরই সংশ্লিষ্ট খেলোয়াড়ের জন্য আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো হবে। এতে ক্লাব বিশ্বকাপ শুরুর আগেই চুক্তি সম্পন্ন হওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে।
বিশ্লেষকদের মতে, এই ঘোষণা শুধু ট্রান্সফার বাজারেই উত্তেজনা সৃষ্টি করেনি, বরং ক্লাব নির্বাচনের আগে সদস্যদের মনোযোগ নিজের দিকে টানার একটি কৌশল হিসেবেও কাজ করছে। ফলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এনরিক রিকুয়েলমের তুলনায় আলোচনায় এগিয়ে রয়েছেন ফ্লোরেন্তিনো পেরেজ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



