ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও এবার ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় বিতর্কে লিওনেল মেসির পক্ষেই অবস্থান নিয়েছেন। দীর্ঘদিন ধরে চলা মেসি–ক্রিস্টিয়ানো রোনালদো তুলনা নিয়ে তিনি স্পষ্ট মন্তব্য করে জানিয়েছেন, তার মতে মেসিই ইতিহাসের সেরা ফুটবলার।

পর্তুগিজ সংবাদমাধ্যম ‘এ বোলা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো নাজারিও মেসির সাম্প্রতিক পারফরম্যান্সের প্রশংসা করেন। কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ের পর তিনি বলেন, এখন সময় এসেছে বাস্তবতা মেনে নেওয়ার—মেসিই সর্বকালের সেরা খেলোয়াড়।
তিনি আরও বলেন, মেসি প্রতি মৌসুম ও বিশ্বকাপে যেভাবে ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছে, তাতে তাকে নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই। আলজেরিয়ার বিপক্ষে তার হ্যাটট্রিককে তিনি ‘ঐতিহাসিক রাত’ হিসেবে উল্লেখ করেন, যা ফুটবল ইতিহাসে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
বিশ্বকাপে সর্বোচ্চ ১৬ গোল করে জার্মানির মিরোস্লাভ ক্লোসার রেকর্ডে পৌঁছানোর বিষয়েও কথা বলেন রোনালদো। তার মতে, রেকর্ড ভাঙার জন্যই তৈরি হয়, আর মেসির মতো খেলোয়াড়ের মাধ্যমে তা ভাঙা মোটেও বিস্ময়কর নয়।
এদিকে একই সময়ে চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য দিনটি ভালো যায়নি। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে বেশ কয়েকটি সহজ সুযোগ মিস করেন পর্তুগিজ তারকা, যা নিয়ে হতাশাও প্রকাশ পেয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



