রোহিঙ্গা শরণার্থীদের জন্য পরিবেশ সুরক্ষা ও নিরাপদ রান্নার জ্বালানি নিশ্চিত করতে এক কোটি কানাডিয়ান ডলার অনুদান দিচ্ছে কানাডা। রোববার (১২ এপ্রিল) কক্সবাজারে আশ্রয় নেওয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গার জন্য পরিচ্ছন্ন, নিরাপদ ও টেকসই রান্নার জ্বালানি সরবরাহের উদ্দেশ্যে এই সহায়তার ঘোষণা দেওয়া হয়।

এই অর্থ জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর মাধ্যমে ব্যয় করা হবে। এর মাধ্যমে রোহিঙ্গা শিবিরে এলপিজি গ্যাস সরবরাহ নিশ্চিত করা হবে, যা বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা, স্বাস্থ্য ও মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় কানাডা দীর্ঘদিন ধরে একজন স্থিতিশীল ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে কাজ করছে। তার মতে, এই পরিবেশবান্ধব মানবিক সহায়তা কক্সবাজারের পরিবেশগত ক্ষতি কমাতে সাহায্য করবে, বিশেষ করে বন উজাড় ও কার্বন নিঃসরণ হ্রাসে এটি ভূমিকা রাখবে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনমান উন্নত হবে এবং জ্বালানি কাঠ সংগ্রহের সময় নারীদের ও শিশুদের যে ঝুঁকি তৈরি হয়, তা কমবে।
ইউএনএইচসিআরের ডেপুটি প্রতিনিধি জুলিয়েট মুরেকিইসোনি বলেন, দীর্ঘ নয় বছর ধরে রোহিঙ্গারা কঠিন বাস্তবতার মধ্যে বসবাস করছে। তাদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।
অন্যদিকে আইওএম-এর অন্তর্বর্তীকালীন প্রধান জ্যাসেপ্পে লোপ্রিট বলেন, নিরাপদ জ্বালানি রোহিঙ্গা পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সহায়তার মাধ্যমে তারা বিপজ্জনকভাবে জ্বালানি কাঠ সংগ্রহের ঝুঁকি থেকে মুক্তি পাবে এবং তুলনামূলকভাবে স্বাস্থ্যকর পরিবেশে জীবনযাপন করতে পারবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


