২০২৬ বিশ্বকাপে পর্তুগালের যাত্রা শুরু হয়েছে হতাশাজনকভাবে। গ্রুপ ‘কে’-এর প্রথম ম্যাচে কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ইউরোপের দলটি। ম্যাচে গোল করতে ব্যর্থ হয়েছেন অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোও। আর ম্যাচ শেষে পর্তুগিজ মহাতারকাকে নিয়ে মন্তব্য করে আলোচনায় এসেছেন কঙ্গোর মিডফিল্ডার এনগালায়েল মুকাউ।

মুকাউ দাবি করেন, রোনালদোকে থামাতে তাদের আলাদা কোনো কৌশলের প্রয়োজন হয়নি। তার মতে, বয়সের কারণে আগের ধার হারিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।
ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়ায় কঙ্গোর এই ফুটবলার বলেন, “তাকে আটকানোর জন্য আমাদের বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। তিনি আর আগের মতো নেই। তার বয়স এখন অনেক বেড়েছে।”
৪১ বছর বয়সী রোনালদো ম্যাচে গোলের দেখা না পাওয়ায় বিশ্বকাপে তার গোলশূন্য ম্যাচের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচটিতে। মুকাউ মনে করেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একজন খেলোয়াড়ের স্বাভাবিক সক্ষমতাও কমে যায়।
তিনি বলেন, “ওই বয়সে পৌঁছালে আগের মতো থাকা সম্ভব নয়। আপনি আগের মতো দৌড়াতে বা একই মাত্রার পরিশ্রম করতে পারবেন না।”
তবে সমালোচনার পাশাপাশি রোনালদোর প্রতি নিজের শ্রদ্ধার কথাও জানিয়েছেন কঙ্গোর এই ফুটবলার। তিনি বলেন, “তার প্রতি আমার অনেক সম্মান রয়েছে। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় তিনি।”
বিশ্বকাপে রোনালদোর সর্বশেষ গোলটি এসেছিল ২০২২ কাতার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ঘানার বিপক্ষে, পেনাল্টি থেকে। এরপর থেকে টানা কয়েকটি ম্যাচে গোলের দেখা পাননি তিনি। তবুও ২৩টি বিশ্বকাপ ম্যাচে ৮ গোল নিয়ে পর্তুগালের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এখনো তার দখলেই রয়েছে।
প্রথম ম্যাচে পয়েন্ট হারানোর পর পর্তুগাল এখন ঘুরে দাঁড়ানোর অপেক্ষায়। গ্রুপ পর্বে তাদের পরবর্তী প্রতিপক্ষ উজবেকিস্তান। এরপর কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে প্রথম পর্ব। আর রোনালদোর লক্ষ্য থাকবে গোল খরা কাটিয়ে আবারও দলের ভরসার প্রতীকে পরিণত হওয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



