বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র দিয়ে যাত্রা শুরু করলেও পরের ম্যাচে উজবেকিস্তানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে নকআউট পর্বের খুব কাছাকাছি পৌঁছে গেছে পর্তুগাল। শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে অন্তত ড্র করতে পারলেই নিশ্চিত হবে তাদের পরবর্তী রাউন্ডে খেলা। উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো।

তবে দলের সাফল্যকে শুধুমাত্র রোনালদোকেন্দ্রিক হিসেবে দেখতে নারাজ পর্তুগিজ উইঙ্গার পেদ্রো নেতো। সাম্প্রতিক সময়ে দল ও অধিনায়কের সমালোচনা নিয়ে কথা বলতে গিয়ে তিনি স্পষ্ট করেন, পর্তুগাল রোনালদোর ওপর নির্ভরশীল নয়, বরং তার প্রতি দলের আস্থা রয়েছে।
নেতো বলেন, “ক্রিস্টিয়ানো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। কিন্তু ‘নির্ভরশীল’ শব্দটি ব্যবহার করা ঠিক হবে না। আমরা জানি, বল যদি বক্সের মধ্যে যায়, তাহলে তার গোল করার সম্ভাবনা অনেক বেশি। তবে আমরা শুধু তার জন্য নয়, দলের অন্য খেলোয়াড়দের জন্যও সুযোগ তৈরি করি। আমাদের নিজস্ব পরিকল্পনা ও খেলার ধরন আছে। তাই আমি মনে করি না আমরা তার ওপর নির্ভরশীল, বরং আমরা তার সামর্থ্যের ওপর আস্থা রাখি।”
উজবেকিস্তানের বিপক্ষে বড় জয়ের মাধ্যমে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার কথাও তুলে ধরেন তিনি। ওই ম্যাচে রোনালদোর দুটি গোল দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এদিকে, গ্রুপপর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ কলম্বিয়াকে নিয়ে সতর্ক নেতো। তিনি বলেন, “আমরা এমন একটি দলের বিপক্ষে খেলতে যাচ্ছি, যারা ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নিতে পারেনি। কিন্তু বর্তমানে তারা দুর্দান্ত ছন্দে রয়েছে। তাদের দলে অনেক ভালো খেলোয়াড় আছে এবং তারা কোপা আমেরিকার ফাইনালেও খেলেছিল।”
কলম্বিয়ার বিপক্ষে সাফল্যের চাবিকাঠি হিসেবে সহনশীলতা ও কঠোর পরিশ্রমের ওপর জোর দিয়ে নেতো বলেন, “এই ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে ধৈর্য ও কঠোর পরিশ্রম। আমরা এখন পর্যন্ত সেটাই করে এসেছি। কলম্বিয়া খুবই লড়াকু এবং শারীরিকভাবে শক্তিশালী একটি দক্ষিণ আমেরিকান দল। তাদের মোকাবিলা করতে হলে আমাদের সমান তালে লড়তে হবে, এমনকি তাদের ছাড়িয়েও যেতে হবে।”
বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করার লক্ষ্যে এখন কলম্বিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ের অপেক্ষায় রয়েছে পর্তুগাল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



