রাগে গজগজ করতে করতে মাঠ ছাড়ছিলেন সালমান আলী আঘা। বের হওয়ার সময় তীর্যক মন্তব্য ছুঁড়ে দিলেন প্রতিপক্ষ বাংলাদেশী ফিল্ডারদের দিকে। ছাড় দিতে নারাজ বাংলাদেশের উইকেটরক্ষক লিটন দাস। তিনিও তেড়ে গেলেন সালমানের দিকে। আম্পায়ার আর মোহাম্মদ রিজওয়ানের বাধায় থামেন লিটন। মাঠের পরিবেশ উত্তপ্ত এক রান আউটকে ঘিরে। এই রান আউট নিয়েই মতামত দিয়েছেন ভারত-পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা।

সালমানকে যখন রান আউট করলেন মিরাজ, তখনই কমেন্ট্রি বক্স থেকে ভেসে আসে রমিজ রাজার কন্ঠ। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার এবং ক্রিকেট বিশ্লেষক জানান, মিরাজের এমন আউট, ক্রিকেটের স্পোর্টসম্যানশিপের উপর চরম আঘাত। এমন ঘটনার নষ্ট হয় ক্রিকেটের সৌন্দর্য।
দিন শেষে ভিডিও বার্তায় রমিজ বলেন, ‘সালমান আলী আঘা খুব স্বাভাবিকভাবেই বলটি কুড়িয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু মিরাজ সেই সুযোগে বল নিয়ে স্টাম্প ভেঙে দিলেন এবং রান আউটের আপিল করলেন। থার্ড আম্পায়ার তাকে আউট দিয়ে দিলেন। যদিও বাংলাদেশ চাইলে এই আপিল প্রত্যাহার করতে পারতো।’
‘বর্তমান যুগের ক্রিকেটাররা আইনের দোহাই দেয়, কিন্তু স্পোর্টসম্যান স্পিরিটকে তেমন গুরুত্ব দেয় না। বাংলাদেশ আগেও এমন ঘটনায় জড়িয়েছে, যেমন অ্যাঞ্জেলো ম্যাথুসের সেই ‘টাইম আউট’ এর ঘটনা।’
এর কিছুক্ষণ বাদেই সাবেক ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ কাইফ টুইটে লিখেন, ‘এটা একদমই গ্রহণযোগ্য নয়। উইকেট নিতে আপনি যতই মরিয়া থাকেন না কেন এমন রান আউটকে ন্যায্যতা দিতে পারে না। বিশেষ করে যখন সেটা একজন অধিনায়কের কাছ থেকে আসে। বিশ্বকাপ ফাইনালও যদি ঝুঁকিতে থাকে, তবুও বাংলাদেশের অধিনায়ক যা করেছেন তা কখনো করা উচিত নয়।’
ভারতের আরেক সাবেক ক্রিকেটার অজয় জাদেজা লিখেন, ‘অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইমড আউট করা থেকে শুরু করে আঘা সালমানের বিতর্কিত রান আউট, দেখে মনে হচ্ছে বাংলাদেশকে ভরসা করাটাই অপরাধ! বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে যেন থাকতে হবে অতিরিক্ত সতর্ক!’
পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমল টেনে আনেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার মহেন্দ্র সিং ধোনির প্রসঙ্গ, ‘মহেন্দ্র সিং ধোনি একবার ইয়ান বেলকে রান আউটের পর ফিরিয়ে এনেছিলেন। এমএস ধোনি যখন আউট হয়ে ড্রেসিংরুমে যাচ্ছিলেন, তখন পুরো স্টেডিয়াম তাকে দাঁড়িয়ে সম্মান জানিয়েছিল। এটাই স্পোর্টসম্যান স্পিরিট। সালমান আজ খুব ভালো খেলছিল।’
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
মিরাজের সমালোচনা এসেছে সাবেক পাকিস্তানি ব্যাটার আহমেদ শেহজাদের কাছ থেকেও। নিজের এক ভিডিওতে শেহজাদ বলেন, ‘মিরাজ একজন ভালো খেলোয়াড়, বুদ্ধিমান খেলোয়াড়, কিন্তু এই কাজটা সে একদমই বাচ্চাদের মতো করেছে। মনে হচ্ছিল গলি ক্রিকেটের দুইটা দল নিজেদের মধ্যে খেলছে। দুই বোর্ডেরই এটা দেখা উচিত। আন্তর্জাতিক ক্রিকেটে এমন আচরণ মানায় না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


