২০২৬ সালের পবিত্র হজ পালনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (রাত) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনের আগে রাত প্রায় ১০টা ৫০ মিনিটে তিনি আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করেন এবং সেখানে অবস্থানরত হজযাত্রীদের সঙ্গে কথা বলেন। পরে তিনি বিমানে উঠে যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশের শান্তি ও অগ্রগতির জন্য তাদের কাছে দোয়া কামনা করেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্ধারিত সূচি অনুযায়ী, রাত ১২টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি ৪১৯ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। প্রথম দিনেই মোট ১৪টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করতে সৌদি আরবে যাচ্ছেন। হজযাত্রী পরিবহনে অংশ নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইন্যাস।
আগামী ২১ মে পর্যন্ত ঢাকা থেকে হজ ফ্লাইট পরিচালনা করা হবে। চাঁদ দেখা সাপেক্ষে ২৬ মে (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজ শেষে ৩০ মে থেকে হাজিদের ফিরিয়ে আনার ফ্লাইট শুরু হবে, যা চলবে ১ জুলাই পর্যন্ত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


