চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী আবারও মা হতে চলেছেন—এমন খবর ঘিরে শোবিজ অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। শাকিব খান ও বুবলীর সংসারে আসতে যাচ্ছে দ্বিতীয় সন্তান। বৃহস্পতিবার কালের কণ্ঠ অনলাইনে খবরটি প্রকাশের পরদিনই প্রথমবার প্রকাশ্যে দেখা যায় বুবলীকে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে একটি ব্র্যান্ডের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে উপস্থিত হন এই অভিনেত্রী। বিস্কিট রঙের ফ্লোর-টাচ গাউন পরা বুবলীর উপস্থিতি মুহূর্তেই সবার নজর কাড়ে। ক্যামেরার সামনে তার বেবিবাম্প স্পষ্ট হয়ে ওঠে, যা দেখে বোঝা যায়—তিনি অন্তঃসত্ত্বার প্রাথমিক পর্যায়ে নেই।
ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, খুব শিগগিরই যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে পারেন বুবলী। শাকিব খানের পরামর্শেই নাকি সেখানে সন্তান জন্ম দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। সেই সময় শাকিব খানও তার পাশে থাকতে পারেন বলে জানা যাচ্ছে।
যদিও মা-বাবা হওয়ার বিষয়টি নিয়ে শাকিব খান কিংবা বুবলী কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি, তবে কালের কণ্ঠকে শাকিব খানের ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে—বুবলী অন্তঃসত্ত্বা এবং শাকিব খান দ্বিতীয়বারের মতো বাবা হতে যাচ্ছেন।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন করলে বুবলী কৌশলে এড়িয়ে যান। সরাসরি অস্বীকার কিংবা স্বীকার—কোনোটাই করেননি তিনি। ব্যক্তিজীবন নিয়ে প্রশ্নের জবাবে হাসিমুখে বলেন,
‘এগুলো খুব ব্যক্তিগত বিষয়। যখন কথা বলব, তখন সবার প্রতি সম্মান রেখেই বলব। আমি শান্তিপূর্ণ একটা পরিবেশ চাই।’
তিনি আরও যোগ করেন, ‘আজ আমরা একটি প্রোগ্রামের গ্র্যান্ড লঞ্চিংয়ে এসেছি। এখানে এমন স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না।’
বিদেশযাত্রা প্রসঙ্গে সরাসরি কিছু না বললেও হাসিমুখে নিজের নতুন পাওয়া পাসপোর্ট সাংবাদিকদের দেখান বুবলী। মজা করে বলেন, ‘এটাই আমার গুরুত্বপূর্ণ পাসপোর্ট, যেটা আজই হাতে পেয়েছি।’
ভক্তদের কাছে শাকিব খান ও বুবলীর সম্পর্ক দীর্ঘদিন ধরেই দূরত্বপূর্ণ বলে পরিচিত। তবে আবারও বাবা-মা হওয়ার খবরে সেই সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এর আগেও গত বছর নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে শাকিব খান, বুবলী ও তাদের সন্তান শেহজাদ খান বীরকে একসঙ্গে দেখা যাওয়ার পর জল্পনা তৈরি হয়েছিল—তারা কি আবার কাছাকাছি হচ্ছেন?
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


