ঢালিউডের আলোচিত-সমালোচিত নানা বিষয় নিয়ে এবার নিজের অবস্থান পরিষ্কার করলেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। সাম্প্রতিক এক অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কথা বলেন শাকিব খানকে ঘিরে তুলনা, সামাজিক যোগাযোগমাধ্যমের ট্রল, সিনিয়র শিল্পীদের প্রতি সম্মান এবং শোরুম উদ্বোধন নিয়ে হওয়া সমালোচনা নিয়ে। তার কথায় উঠে এসেছে আত্মবিশ্বাস আর স্পষ্ট বার্তা।

শাকিব খানকে ঘিরে নানা আলোচনা ও তুলনার প্রশ্নে অপু বিশ্বাস একদম পরিষ্কার ভাষায় জানালেন নিজের অবস্থান। তিনি বলেন, এই প্রশ্নটাই ভুল। উনি আমাদের অনেক বড় মাপের একজন অভিনেতা। উনাকে সম্মান করা উচিত। তার অবস্থান অনেক উর্ধ্বে। অপু বিশ্বাসের মতে, ব্যক্তিকে টেনে নামানোর চেয়ে চলচ্চিত্রের সামগ্রিক অগ্রগতি নিয়েই ভাবা জরুরি। তার ভাষায়, চলচ্চিত্র এগিয়ে যাচ্ছে এটাই সবচেয়ে ইতিবাচক দিক।
সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে নিয়মিত ট্রল হওয়া প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, পরিচিতি যত বেশি, ট্রলও তত বেশি। যারা বড় মাপের মানুষ, তাদের নিয়েই ট্রল হয়। রাষ্ট্রনায়ক থেকে শুরু করে পরিচিত মুখ কারও রেহাই নেই। তিনি আরও বলেন, পরিচিত মুখ ব্যবহার করেই ভাইরাল কনটেন্ট তৈরি করা হয়। ফেস যত পরিচিত, কনটেন্ট তত দ্রুত ছড়ায় এই কারণেই আমাকে নিয়ে ট্রল হয়।
নিজের ব্যক্তিত্ব নিয়েও অকপট অপু বিশ্বাস। তার দাবি, তিনি কৃত্রিম নন, ভান করতেও জানেন না। অপু বলেন, মিথ্যা বলতে জানি না। যা মনে আসে, সেটাই বলি। দর্শক আর ক্যামেরার পেছনের মানুষরা জানেন আমি সহজ-সরল এবং খোলাখাতা। শোরুম উদ্বোধন বা ফিতা কাটাকে ‘ছোট কাজ’ বলে সমালোচনার বিষয়ে অপু বিশ্বাসের উত্তরও ছিল স্পষ্ট। তিনি বলেন, কোনও কাজই ছোট নয়। আমরা শিল্পী বলেই তো এই কাজগুলো করি। একটি ওপেনিংয়ের মাধ্যমে একটি বার্তা মানুষের কাছে পৌঁছে যায়।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
শাকিব খানকে নিয়ে সম্মান, ট্রলকে বাস্তবতা হিসেবে মেনে নেয়া, আর নিজের জায়গায় আত্মবিশ্বাস সব মিলিয়ে অপু বিশ্বাস যেন স্পষ্ট করে দিলেন, তিনি কারও সঙ্গে প্রতিযোগিতায় নেই। তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শিল্প, সম্মান আর সততা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


