বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত সিনেমা ‘ব্যাটল অফ গালওয়ান’ হঠাৎ করে নাম পরিবর্তন করে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ রাখা হয়েছে। এ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

সিনেমাটি নির্মিত হচ্ছে ২০২০ সালের লাদাখের গালওয়ান সংঘর্ষকে কেন্দ্র করে, যেখানে ভারত ও চীনের সেনারা সংঘর্ষে লিপ্ত হয়েছিল। গত বছরের ২৭ ডিসেম্বর নিজের জন্মদিনে ছবিটির টিজার প্রকাশ করেন সালমান খান। এরপর থেকেই সিনেমার বিষয়বস্তু নিয়ে কূটনৈতিক ও রাজনৈতিক মহলে আলোচনার সৃষ্টি হয়।
আন্তর্জাতিক বিভিন্ন সূত্রের দাবি, ছবির প্রেক্ষাপট নিয়ে চীনা পক্ষ আপত্তি তুলেছে। চীনা সংবাদমাধ্যমের মতে, এই সিনেমা জাতীয়তাবাদ উসকে দিতে পারে এবং এতে চীনা সেনাবাহিনী নেতিবাচকভাবে উপস্থাপিত হয়েছে।
পরিচালক অপূর্ব লাখিয়া বা প্রযোজনা প্রতিষ্ঠান এখনও নাম পরিবর্তনের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি। তবে বিশ্লেষকদের ধারণা—কূটনৈতিক চাপ এড়াতে শিরোনাম থেকে ‘গালওয়ান’ শব্দটি সরিয়ে নতুন নাম বেছে নেওয়া হয়েছে।
নতুন সিনেমা ‘মাতৃভূমি’-তে সালমান খানকে দেখা যাবে গালওয়ান সংঘর্ষে ভারতীয় সেনার এক সাহসী সদস্যের চরিত্রে। চরিত্রের যথাযথ বাস্তবায়নের জন্য তিনি কয়েক মাস কঠোর ডায়েট মেনে চলেছেন, প্রেশার চেম্বারে বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন এবং ভারতীয় সেনাদের সঙ্গে সময় কাটিয়েছেন।
নাম পরিবর্তনের পর কাহিনিতে কোনো বড় পরিবর্তন হবে কি না, তা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। তবে দেশাত্মবোধক অ্যাকশন থ্রিলার হিসেবে এটি সালমান খানের ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন অনুরাগীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


