সাবেক সতীর্থ লিওনেল মেসি এখন খেলছেন মেজর লিগ সকারের ইন্টার মায়ামিতে। একই লিগের আরেক ক্লাব এফসি সিনসিনাটিতে যোগ দিতে পারেন নেইমার—এমন গুঞ্জন সাম্প্রতিক সময়ে আলোচনায় আসে। তবে এবার এ বিষয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছেন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড নিজেই।

নেইমার জানান, চলতি মৌসুম শেষ না হওয়া পর্যন্ত তিনি শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে চুক্তিবদ্ধ থাকবেন এবং সেখানেই খেলবেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ইএসপিএন এ তথ্য প্রকাশ করে।
এর আগে বিভিন্ন গণমাধ্যমে খবর আসে যে, যুক্তরাষ্ট্রের ক্লাব এফসি সিনসিনাটি আসন্ন গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে নেইমারকে দলে নেওয়ার আগ্রহ দেখিয়েছে এবং তার প্রতিনিধিদের সঙ্গে প্রাথমিক যোগাযোগও করেছে। তবে এসব গুঞ্জন নাকচ করে দিয়েছেন নেইমার। তিনি বলেন, আপাতত কোনো ট্রান্সফার সিদ্ধান্ত হয়নি এবং তিনি সান্তোসেই মনোযোগী থাকতে চান।
এতে করে মেজর লিগ সকারে খেলার সম্ভাবনা আপাতত দূরে সরিয়ে দিলেন এই তারকা ফরোয়ার্ড। ইনজুরির কারণে চলতি বছরে এখন পর্যন্ত মাত্র আটটি ম্যাচ খেলেছেন তিনি, যেখানে করেছেন চারটি গোল ও তিনটি অ্যাসিস্ট।
ইনজুরি থেকে ফিরে মঙ্গলবার দেপোর্তিভো রেকোলেতার বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে গোল করেন নেইমার। তবে ম্যাচ শেষে দর্শকদের অসন্তোষের মুখে পড়তে হয় তাকে, এবং এক সমর্থকের সঙ্গে তার বাকবিতণ্ডাও হয়।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, জয়-পরাজয় বা ড্র—সবই ফুটবলের অংশ, আর দলকে উন্নত করতে এখন আরও মনোযোগ দিয়ে কাজ করার কথা জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


