সম্ভাব্য গৃহযুদ্ধ এড়াতে এবং দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্টের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে তিনি বলেন,‘যে হাত দেশের নাগরিক শান্তি নষ্ট করতে এগিয়ে আসবে, সেই হাত কেটে ফেলা হবে।’ খবর আল জাজিরার।

তিনি জোর দিয়ে বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে কঠোর পদক্ষেপ নিচ্ছে। সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হচ্ছে এবং অবৈধ অস্ত্র জব্দ করা হচ্ছে। প্রেসিডেন্ট জোসেফ আউন স্পষ্ট করে বলেন, ‘লেবাননের কেউ গৃহযুদ্ধ চায় না। যারা বর্তমান পরিস্থিতিকে কাজে লাগাতে চায়, তারা সফল হবে না।’
দেশটির দক্ষিণাঞ্চলের পরিস্থিতিকে ‘দুঃখজনক’ আখ্যা দিয়ে তিনি বলেন, ইসরায়েলের ‘গুরুতর লঙ্ঘনের’ কারণে সেখানে মানবিক সংকট আরও গভীর হয়েছে। তিনি আরও জানান, উত্তেজনা কমাতে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক প্রচেষ্টা চলছে এবং আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেয়া হচ্ছে।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব লেবাননেও পড়ছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা বৃদ্ধি, নিরাপত্তা ঝুঁকি এবং রাজনৈতিক অস্থিরতা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্টের এই কঠোর বার্তা মূলত অভ্যন্তরীণ বিশৃঙ্খলা প্রতিরোধ এবং সম্ভাব্য গৃহযুদ্ধ এড়ানোর একটি স্পষ্ট সতর্ক সংকেত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


