ইন্টারনেট সেবাকে সারাদেশে সহজলভ্য করতে নতুন উদ্যোগ নিয়েছে স্থানীয় পরিষেবা সংস্থা। ব্রডব্যান্ড ইন্টারনেটের সঙ্গে এবার সারাদেশে আম্বার আইটি ফ্রি ওয়াইফাই জোন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এসব জোনে ইন্টারনেট গ্রাহকরা বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা নিতে পারবেন।

জানা গেছে, ইতোমধ্যে দেশের পাঁচটি স্থানে ওয়াইফাই জোন সক্রিয়। চলতি বছরের মধ্যে দেশজুড়ে মোট ৫০০টি ওয়াইফাই জোন উন্মোচনের উদ্যোগ নেওয়া হয়েছে।
জানানো হয়, জরুরি ও জনাকীর্ণ স্থান ছাড়াও সারাদেশের কয়েকটি বিশেষায়িত এলাকায় ক্রমে এসব ওয়াইফাই জোন স্থাপন করা হবে। স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সম্পৃক্ত করেই এসব পয়েন্ট পরিচালনা করা হবে। সাধারণত ফার্মেসি, চায়ের দোকান, মুদি দোকান ছাড়াও স্থানীয় ছোট ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে এসব ওয়াইফাই পয়েন্ট পরিচালনা করা হবে। আম্বার আইটির প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল হাকিম বলেন, সবার কাছে সহজলভ্য ও সাশ্রয়ী ইন্টারনেট পৌঁছে দেওয়াই এখন লক্ষ্য। ওয়াইফাই জোন উন্মোচনের মাধ্যমে সাধারণ মানুষ সহজে নির্ভরযোগ্য ইন্টারনেট ব্যবহারের সুবিধা নিতে পারবেন। এ ছাড়া স্থানীয় উদ্যোক্তার জন্য এটি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।
বিদ্যমান গ্রাহকরা যে মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করেছেন, সেই নম্বর ব্যবহার করে সংশ্লিষ্ট ওয়াইফাই জোনে সংযোগ নিয়ে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করা যাবে। অন্যদিকে, যারা আমাদের গ্রাহক নন, তারাও কুপন কার্ডের মাধ্যমে সহজে এই পরিষেবা নিতে পারবেন।
জানা গেছে, ইতোমধ্যে বরিশালের বিবির পুকুরপাড়, ভোলার চরফ্যাসনের জ্যাকব টাওয়ার এলাকা, শ্রীমঙ্গলের রেলস্টেশন, সিরাজগঞ্জের শিয়ালকোল কলেজ রোড ও নীলফামারী জেলার ইপিজেড মোড়ে ওয়াইফাই জোন উন্মুক্ত হয়েছে।
ঈদের আগে দেশের অন্তত ১৫টি স্থানে নতুন ওয়াইফাই জোন উন্মুক্ত করা হবে। এমন উদ্যোগ বাস্তবায়িত হলে জনবহুল এলাকায় সাধারণের জন্য সহজ ও সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট সুবিধা নিশ্চিত হবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
শিক্ষার্থী, ভ্রমণকারী, ফ্রিল্যান্সার ছাড়াও সাধারণরা প্রয়োজনে দ্রুত ইন্টারনেট সংযোগ নিতে পারবেন। অন্যদিকে, স্থানীয় ছোট ব্যবসায়ীদের ওয়াইফাই পয়েন্ট পরিচালনার মাধ্যমে আয়ের সুযোগ তৈরি হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


