আগামী ৯৬ ঘণ্টায় সারা দেশে মাঝারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার (২৮ এপ্রিল) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, সিলেটে গত ২৪ ঘণ্টায় ১৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা অতি ভারিবর্ষণ হিসেবে চিহ্নিত। রাজধানী ঢাকায় অতি ভারিবর্ষণের পূর্বাভাস না থাকলেও প্রতিদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বার্তায় জানানো হয়, সারা দেশে আগামী ৪৮ ঘণ্টায় কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা জারি করা হয়েছে। কালবৈশাখীর এই ধারা মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ ছাড়া চট্টগ্রাম ও সিলেট বিভাগে অতি ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কার কথাও বলা হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের কালবৈশাখী নিয়ে প্রকাশিত সতর্কবার্তায় বলা হয়েছে, আজ বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিদুৎ চমকানোসহ পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিমি/ঘণ্টা বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।
অন্যদিকে, মঙ্গলবার সকাল ৯টার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে বিরাজমান লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে, আজ ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
আগামীকাল বুধবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
সেইসাথে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


