সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সরকারি খাল দখল এবং মাছ ধরাকে কেন্দ্র করে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারী-পুরুষসহ অন্তত আটজন আহত হয়েছেন।

শুক্রবার (৫ জুন) উপজেলার খুঁটিকাটা-কাঠালবাড়িয়া গ্রামের সংক্রান্তির খাল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আজহারুল ইসলাম, বিএনপি নেতা আশরাফ হোসেন, বিএনপি কর্মী কবির হোসেন, শিবিরকর্মী আব্দুল্লাহ মামুন সাদ, আরাফাত হোসেন, আক্তার হোসেন, নাজমা খাতুন, মোমিন মোড়ল ও লায়লা বেগম। তাদের কয়েকজনকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, শুক্রবার সকালে জামায়াত নেতা শাহিন হোসেনের নেতৃত্বে একদল লোক সংক্রান্তির খালে মাছ ধরতে গেলে সেখানে আগে থেকেই মাছ চাষের দাবি করা পক্ষ বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের পরও এলাকায় উত্তেজনা বিরাজ করতে থাকে।
জামায়াত নেতা শাহিন হোসেন দাবি করেন, খালটির ইজারার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও সেখানে মাছ চাষ অব্যাহত রাখা হয়েছিল। দরিদ্র মানুষ মাছ ধরতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়।
অন্যদিকে আওয়ামী লীগ নেতা আজহারুল ইসলাম বলেন, তিনি খালটির নতুন ইজারার জন্য আবেদন করেছেন এবং আগে থেকেই সেখানে মাছ চাষ করা হচ্ছিল। মাছ ধরতে বাধা দেওয়ার জেরে প্রতিপক্ষের হামলায় কয়েকজন আহত হয়েছেন।
শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলায়মান কবিরের অভিযোগ, খালকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের হামলায় বিএনপির কয়েকজন কর্মী আহত হয়েছেন।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাকির হোসেন জানান, ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, সরকারি খালকে কেন্দ্র করে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



