সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে এক ইউপি চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানে তার বাড়ি ও ব্যক্তিগত গোডাউন থেকে মোট ১২০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) দুপুরে কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়, যা চলে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফেরদাউস মোড়লের বাসভবন ও সংরক্ষণাগারে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় ৬টি ব্যারেলে রাখা ১২০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে আরও ১৬টি খালি ব্যারেল জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইস্তিয়াক আহমেদ অপু চেয়ারম্যান ফেরদাউস মোড়লকে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেন।
সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে র্যাব সদস্যরাও অংশ নেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সাধারণ মানুষের ভোগান্তি তৈরি করে যারা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


