শেরপুরে সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হলেও উদ্বোধনী অনুষ্ঠানে প্রকৃত কৃষকদের উপস্থিতি না থাকায় সমালোচনার সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানে গুদাম শ্রমিক, রাজনৈতিক নেতাকর্মী ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের উপস্থিতি দেখা গেলেও কৃষকদের অনুপস্থিতি স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন তুলেছে।

শনিবার (১৬ মে) দুপুরে সদর উপজেলা খাদ্য গুদামে এই কর্মসূচির উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা। সদর উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক শাকিল আহমেদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক নাজমুল হক ভূঁইয়া, সদর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান এবং শেরপুর প্রেসক্লাব–এর সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল।
স্থানীয়দের অভিযোগ, কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের উদ্যোগ ইতিবাচক হলেও উদ্বোধনী অনুষ্ঠানে প্রকৃত কৃষকদের অনুপস্থিতি হতাশাজনক। তাদের মতে, মাঠপর্যায়ের কৃষকদের পরিবর্তে রাজনৈতিক কর্মী ও গুদাম শ্রমিকদের উপস্থিতি আয়োজনের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তুলেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা বলেন, সরকার কৃষকদের স্বার্থ রক্ষায় কাজ করছে। কৃষকেরা যেন সহজে সরকারি গুদামে ধান বিক্রি করতে পারেন এবং কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে শেরপুর জেলায় ৩৬ টাকা কেজি দরে ১১ হাজার ২২৯ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ৪৯ টাকা কেজি দরে ২৫ হাজার ৬৯৬ টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে।
কৃষকদের অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে জেলা খাদ্য নিয়ন্ত্রক নাজমুল হক ভূঁইয়া তাৎক্ষণিক মন্তব্য এড়িয়ে যান। পরে সদর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, বিষয়টি তিনিও লক্ষ্য করেছেন। উপকারভোগীদের উপস্থিতি থাকা উচিত ছিল বলে তিনি মন্তব্য করেন।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, তিনি ভেবেছিলেন অনুষ্ঠানে কৃষকেরা উপস্থিত ছিলেন। পরে প্রকৃত বিষয়টি জানতে পেরে তিনি জেলা খাদ্য নিয়ন্ত্রককে অবহিত করার কথা জানান।
এ বিষয়ে ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা বলেন, কৃষকদের অনুষ্ঠানে কৃষকদের উপস্থিতি থাকা প্রয়োজন ছিল। শ্রমিকদেরই তিনি কৃষক ভেবেছিলেন। পরে প্রকৃত কৃষকের অনুপস্থিতির বিষয়টি জেনে তিনি দুঃখ প্রকাশ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



