শেরপুরে আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ অনুষ্ঠিত হবে। এ কর্মসূচির আওতায় জেলার পাঁচটি উপজেলায় মোট ১ লাখ ৬১ হাজার ৪৩২ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন।
তিনি জানান, জেলায় এখন পর্যন্ত ৮২ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৭৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কারও শরীরে হাম পজিটিভ পাওয়া যায়নি। বর্তমানে জেলা সদর হাসপাতালে ২৫ জন সন্দেহভাজন হাম রোগী চিকিৎসাধীন আছেন।
সিভিল সার্জন আরও বলেন, ক্যাম্পেইনের সময় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে এক ডোজ এমআর টিকা দেওয়া হবে। অর্থাৎ ১৮০ দিন পূর্ণ হওয়া থেকে শুরু করে ৪ বছর ১১ মাস ২৯ দিন বয়স পর্যন্ত শিশুরা এই টিকার আওতায় থাকবে। আগে টিকা দেওয়া হলেও নির্ধারিত বয়সের সব শিশুকেই এই ডোজ দেওয়া হবে।
এছাড়া জানা যায়, জেলার ৭৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ১ হাজার ৩৩৫টি কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।
সংবাদ সম্মেলনে হাম-রুবেলা বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আহসান হাবীব হিমেল। পরে বক্তব্য দেন প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সিনিয়র সহসভাপতি মুগনিউর রহমান মনি এবং অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে সিভিল সার্জন অফিসের কর্মকর্তাসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


