চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্গম পাহাড়ি এলাকা থেকে গলায় ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়া ৮ বছরের শিশুটি মারা গেছে। সোমবার (২ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে শিশুটির চাচা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দীর্ঘ চিকিৎসা চেষ্টার পরও ভাতিজিকে বাঁচানো সম্ভব হয়নি।
অভিযোগ অনুযায়ী, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত শিশুটিকে ধর্ষণের পর তার গলায় ছুরি চালায়। গুরুতর আহত অবস্থায় শিশুটি পাহাড়ি পথ পেরিয়ে সড়ক সংস্কারের কাজে নিয়োজিত একটি এক্সকাভেটরের চালকের কাছে গিয়ে সাহায্য চায়।
পরিবার সূত্রে জানা যায়, শিশুটির মৃত্যুর খবর পেয়ে তার বাবা-মা ভেঙে পড়েছেন। বর্তমানে মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে রোববার সকালে সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক এলাকার সহস্রধারা ঝরনার প্রায় ৫০০ মিটার উত্তরে পাহাড়ি পথের পাশ থেকে শ্রমিকেরা শিশুটিকে উদ্ধার করেন। প্রথমে তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই রাতেই তার গলায় অস্ত্রোপচার করা হয় এবং পরদিন ওয়ান-স্টপ ক্রাইসিস সেলে (ওসিসি) স্থানান্তর করা হয়েছিল।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিনুল ইসলাম জানান, শিশুটির মা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে অপহরণ ও হত্যাচেষ্টার মামলা দায়ের করেছিলেন। শিশুটির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


